৫ মে ২০২৬

শুক্রবার ফের মাঠে ফিরছে বিপিএল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৭ বিকাল
শুক্রবার ফের মাঠে ফিরছে বিপিএল

বাংলাপ্রেস ডেস্ক: স্থগিতের আশঙ্কা কাটিয়ে অবশেষে শুক্রবার থেকেই পুনরায় মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা। তবে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াবের ত্রিমুখী বৈঠকের পর সংকটের আপাত সমাধান হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান এ ঘোষণা দেন। এ সময় কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন তার সঙ্গে উপস্থিত ছিলেন।

কোয়াবের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বিসিবির চলমান প্রক্রিয়ায় তারা সন্তুষ্ট। তবে এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। যদিও বিসিবি সেই দাবিতে সম্মত হয়নি।

এর আগে রাত ৮টার দিকে বিসিবি পরিচালকরা কোয়াব ও ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন। দীর্ঘ আলোচনার পর বিপিএল পুনরায় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইফতেখার রহমান, কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এবং বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বিসিবি জানিয়েছে, বৃহস্পতিবার স্থগিত হওয়া দুটি ম্যাচ শুক্রবার অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় নোয়াখালী এক্সপ্রেস বনাম চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যা ৭টায় রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটানসের ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবারের পূর্বনির্ধারিত ম্যাচগুলো হবে শনিবার, আর শনিবারের ম্যাচগুলো আয়োজন করা হবে আগামী ১৮ জানুয়ারি।

এছাড়া এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ ম্যাচের সূচি একদিন পিছিয়ে ২০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের সূচি অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটাররা ক্ষতিপূরণ পাবেন কি না-এ বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন বিসিবির অর্থ বিভাগের প্রধান নাজমুল। এর জেরে তার পদত্যাগের দাবিতে অনড় অবস্থান নেন ক্রিকেটাররা। যদিও পদত্যাগ না করলেও বিকেলে বিসিবি তাকে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। এ সিদ্ধান্তকে স্বাগত জানায় কোয়াব।

সব মিলিয়ে সংকট কাটিয়ে বিপিএল আবার শুরু হলেও সংশ্লিষ্ট পরিচালককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি নিয়ে বিসিবি ও ক্রিকেটারদের মধ্যে মতভেদ এখনো রয়ে গেছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি