সন্ধ্যা থেকে বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের অনুরোধে বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে ঢাবি মেট্রো স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমআরটিসিএল)। বিকেল সাড়ে চারটার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে ডিএমআরটিসিএল জানানো হয়, সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে বুধবার সন্ধ্যা ৭টা থেকে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে।
এদিকে ইংরেজি নববর্ষ উদযাপনে আতশবাজি, পটকা ফোটানো পরিহার করতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘ইংরেজি নববর্ষ উপলক্ষে আতশবাজি, ফানুস ওড়ানো এবং পটকা ফোটানোর ফলে বায়ুদূষণ, শব্দদূষণ, অগ্নিকাণ্ড ও পাখির মৃত্যু ঘটায়। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় এটি পরিহার করি।’
এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে চলমান রাষ্ট্রীয় শোকের কারণে থার্টি ফার্স্ট নাইটে সকল ধরনের উৎসব ও আয়োজনের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়।
ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক পালনকালীন ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ওড়ানো এবং গ্যাস বেলুন ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। এছাড়া ইংরেজি নববর্ষ বরণে উন্মুক্ত স্থানে কোনও ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি বা শোভাযাত্রার আয়োজন করা যাবে না।
নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা জনমনে বিরক্তি ও উপদ্রব সৃষ্টি করে এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। শোকের গাম্ভীর্য বজায় রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলার জন্য ডিএমপি কমিশনার নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা প্রদান
দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে: ডা. জুবাইদা রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি