
বাংলাপ্রেস ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারীকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে তাদের উপস্থিতিতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।
চাকরি হারালেন একাত্তর টিভির শাকিল ও ফারজানা
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কড়া নিরাপত্তায় আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়।
দুপুরে সালমান এফ রহমান এবং আনিসুল হককে সিএমএম কোর্টে হাজির করার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে বিকেলে তাদের সেখানে নেয়া হয় বলে জানান আইনজীবীরা।
সন্ধ্যা সাড়ে ছয়টায় তাদের আদালতের হাজতখানায় নেয়া হয়।দুপুর থেকেই বিক্ষোভ করছে বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় তাদের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায়।
শত শত আইনজীবীকে জুতা হাতে নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। অনেকের হাতেই ডিম দেখা যায় এ সময়।অনেক পুলিশ এ সময় আদালত প্রাঙ্গনে আছে। বিজিবির সদস্যরাও রয়েছে।
এছাড়া বিকেল চারটার পরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে নিরাপত্তা রক্ষায়।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। তাঁদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী (২৬) এবং অন্যজন হকার মো. শাহজাহান (২৬)। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে শাহজাহান হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার তাঁদের গ্রেপ্তারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]