৪ মে ২০২৬

ভারতকে গুঁড়িয়ে দেওয়া কে এই সামির মিনহাস?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ এএম
ভারতকে গুঁড়িয়ে দেওয়া কে এই সামির মিনহাস?

বাংলাপ্রেস ডেস্ক:   অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে কার্যত একাই চাপে ফেলে দেন পাকিস্তানের ওপেনার সামির মিনহাস। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে শিরোপা নির্ধারণী ম্যাচে ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটার। ১১৩ বল মোকাবিলায় তার ব্যাট থেকে আসে ১৭২ রান—যেখানে ছিল ১৭টি চার ও ৯টি ছক্কা। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে পাকিস্তান ৮ উইকেটে তোলে ৩৪৭ রান, যা ফাইনালের মতো বড় ম্যাচে ভারতের ওপর প্রবল চাপ সৃষ্টি করে।

পুরো এশিয়া কাপজুড়েই নজরকাড়া পারফরম্যান্স ছিল সামির মিনহাসের। ফাইনালে এসে নিজের সামর্থ্যের চূড়ান্ত প্রকাশ ঘটান তিনি। এটি ছিল চলতি আসরে তার দ্বিতীয় সেঞ্চুরি। ভারতের প্রায় সব বোলারকেই চাপে রাখেন সামির। নতুন বলে কিশান সিং ও দিপেশ দেবেন্দ্রনের বিপক্ষে ছিলেন বিশেষভাবে আক্রমণাত্মক।

মাত্র ৭১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সামির—২৯তম ওভারে দেবেন্দ্রনের বলে একটি বাউন্ডারি মেরে। এরপর তার ব্যাটিং দেখে ডাবল সেঞ্চুরির ইঙ্গিতই মিলছিল। তবে শেষ পর্যন্ত দেবেন্দ্রনের ধীরগতির এক ডেলিভারিতে মিড-অনে ক্যাচ দিয়ে ফিরতে হয় ১৯ বছর বয়সী এই ওপেনারকে। ম্যাচে দেবেন্দ্রনের এটি ছিল প্রথম উইকেট, পরে তিনি ৮৩ রানে ৩ উইকেট শিকার করেন।

কে এই সামির মিনহাস?

সামির মিনহাস পাকিস্তানের উদীয়মান ক্রিকেট প্রতিভাদের অন্যতম। তিনি পাকিস্তানের টি–টোয়েন্টি আন্তর্জাতিক দলের খেলোয়াড় আরাফাত মিনহাসের ছোট ভাই। আরাফাত বাঁহাতি স্পিন অলরাউন্ডার হলেও সামির একজন ডানহাতি ওপেনিং ব্যাটার। প্রয়োজনে লেগ-ব্রেক ও গুগলি বোলিংও করতে পারেন তিনি।

২০০৬ সালের ২ ডিসেম্বর পাকিস্তানের মুলতানে জন্ম সামির মিনহাসের। বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে দ্রুতই নজরে আসেন তিনি। মুলতান অঞ্চল অনূর্ধ্ব-১৩, সাউদার্ন পাঞ্জাব অনূর্ধ্ব-১৬ এবং মুলতান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। সেখান থেকেই জায়গা করে নেন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলে। 

চলতি এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকেই আলোচনায় আসেন সামির। মালয়েশিয়ার বিপক্ষে নিজের প্রথম যুব ওয়ানডেতেই করেন অপরাজিত ১৭৭ রান। ওই ইনিংসে ছিল ১১টি চার ও ৮টি ছক্কা। সেমিফাইনালেও খেলেন গুরুত্বপূর্ণ অপরাজিত অর্ধশতক। আর ফাইনালে ভারতের বিপক্ষে ১৭২ রানের বিধ্বংসী ইনিংস দিয়ে টুর্নামেন্টে নিজের আধিপত্য আরও দৃঢ় করেন।

ভবিষ্যতের তারকা?

ফাইনালে তার ব্যাটিং দেখে অনেকেই মনে করছেন, খুব শিগগিরই পাকিস্তান ক্রিকেটের বড় মঞ্চে দেখা যেতে পারে সামির মিনহাসকে। ডাবল সেঞ্চুরি হাতছাড়া হলেও ভারতের বিপক্ষে এমন ইনিংস তাকে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের সবচেয়ে আলোচিত নামগুলোর কাতারে নিয়ে গেছে।

সব মিলিয়ে, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৫–এ সামির মিনহাস শুধু একটি ম্যাচ নয়, পুরো টুর্নামেন্টজুড়েই পাকিস্তানের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি