রাতে ভুটানের মুখোমুখি বাংলাদেশ, পরিসংখ্যানে এগিয়ে কারা?
বাংলাপ্রেস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে ভুটানের বিপক্ষে আজ বৃহস্পতিবার রাত ৮টায় মাঠে নামবে বাংলাদেশ। নামার আগে বাংলাদেশ দলকে মানসিকভাবে বড় ধরনের আত্মবিশ্বাস জোগাতে পারে দুই দলের অতীত পরিসংখ্যান।
ফিফা র্যাংকিং, দুই দেশের হেড-টু-হেড লড়াই কিংবা সাফ টুর্নামেন্টের সামগ্রিক ইতিহাস—সব দিক থেকেই ভুটানের চেয়ে বেশ ভালো অবস্থানে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে পরিসংখ্যানের এই পরিষ্কার আধিপত্য শেষ পর্যন্ত সবুজ ঘাসের মাঠে কতটা ধরে রাখা যায়, সেটাই এখন স্বাগতিকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বিশ্ব ফুটবলের সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮২তম, আর ভুটান রয়েছে ১৯২তম স্থানে। দুই দলের পয়েন্ট ও অবস্থানের ব্যবধান ১০ ধাপের।
মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও ভুটানের চেয়ে অনেকুদূর এগিয়ে রয়েছে বাংলাদেশ।
আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত মোট ১৭ বার একে অপরের মুখোমুখি হয়েছে এই দুই দল। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ১৩টি ম্যাচে। দুটি ম্যাচ ড্রয়ের সুরাহা হলেও ভুটানের ঝুলিতে রয়েছে মাত্র দুটি জয়।
গোল ব্যবধানেও বেশ বড় ব্যবধানে এগিয়ে বাংলাদেশ; এই ১৭ ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা প্রতিপক্ষের জালে মোট ৩৭ গোল করেছে, বিপরীতে ভুটান বাংলাদেশের বিপক্ষে করতে পেরেছে মাত্র ৯টি গোল।
অবশ্য সাম্প্রতিক সময়ে ভুটান যে বাংলাদেশকে বেশ ভালোই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, তার প্রমাণ মেলে তাদের সাম্প্রতিক পারফরম্যান্সে। গত ২০২৪ সালের সেপ্টেম্বরে ভুটানের মাটিতে খেলা দুই ম্যাচের প্রীতি সিরিজের প্রথমটিতে বাংলাদেশ ১-০ গোলে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে হেরে বসেছিল। তবে এরপর গত ২০২৫ সালের ৪ জুন ঢাকার ঘরের মাঠে ফিরতি লড়াইয়ে ভুটানকে ২-০ গোলে হারিয়ে ব্যবধান বুঝিয়ে দেয় বাংলাদেশ।
এদিকে সাফ চ্যাম্পিয়নশিপের রেকর্ড বইয়েও বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য স্পষ্ট।
সাফের কঠিন মঞ্চে দুই দল এখন পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৬টিতে এবং অন্য ম্যাচটি ড্র হয়েছে। অর্থাৎ, সাফ ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি ভুটান।
বিপি > এসপি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
মাঠেই থেমে গেল জীবন প্রদীপ, গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে স্ট্রাইকারের মৃত্যু
সঙ্গীত একাডেমি