সুষ্ঠু ভোটের ফলাফল আমরা মেনে নেব: জামায়াত আমির
বাংলাপ্রেস ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা চাই, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হোক এবং জনগণের সরকার গঠিত হোক। ভবিষ্যতের সরকার কোনো ব্যক্তি বা দলের একচেটিয়া হবে না। দেশ গড়ার জন্য সবাইকে একত্রিতভাবে কাজ করতে হবে।”
বৃহস্পতিবার সকালে মিরপুরের মনিপুর স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “সারা দেশে আমরা ভোট পর্যবেক্ষণ করছি। ছোটখাটো সমস্যা থাকলে আমরা ছাড় দেব, তবে বড় কোনো অনিয়ম হলে তা অনুমোদনযোগ্য নয়। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না। সুষ্ঠু ভোটের ফলাফল আমরা মেনে নেব এবং অন্যরাও মেনে নেবে।”
বিভিন্ন অপপ্রচারের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “সব মিডিয়ায় একই ধরনের খবর প্রকাশ করা হয় না। কেউ অপরাধ করলে সেটা আলাদা বিষয়, কিন্তু জোর করে কাউকে অপরাধী বানানো গ্রহণযোগ্য নয়।”
তিনি অভিযোগ প্রসঙ্গে বলেন, “বিএনপি অভিযোগ করছে, আমরাও করছি।”
এর আগে সকাল সাড়ে ৮টায় তিনি মিরপুরের মনিপুর স্কুল কেন্দ্রে ভোট দেন, যেখানে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে তিনি কেন্দ্রে পৌঁছান।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি