প্রথম ভোটের অভিজ্ঞতায় উচ্ছ্বাস তরুণদের
বাংলাপ্রেস ডেস্ক: প্রায় ১৭ বছর পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তরুণ ভোটাররা। দীর্ঘ সময় ভোটের সুযোগ না পাওয়ার পর এবার অনেক নতুন ভোটার প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভোট দিয়ে বেরিয়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষের মুখে স্বস্তি ও আনন্দের হাসি দেখা গেছে।
দিনাজপুর-৫ আসনের ১৫১টি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্রগুলো ঘুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের চিত্র দেখা গেছে।
প্রথমবার ভোট দেওয়া তরুণ রাসেল বলেন, ভোট দেওয়ার অভিজ্ঞতা তার জন্য স্বপ্নপূরণের মতো। ব্যালট পেপারে পছন্দের প্রতীকে ভোট দিয়ে আঙুলে নীল কালি লাগানোর মুহূর্তটি তিনি অনেকদিন ধরে কল্পনা করেছিলেন।
কলেজ শিক্ষার্থী নয়ন জানান, ছোটবেলায় বাবার আঙুলে ভোটের নীল দাগ দেখে তারও এমন অভিজ্ঞতার ইচ্ছা জেগেছিল। এবার প্রথমবার ভোট দিতে পেরে তিনি আনন্দিত।
কাপড় ব্যবসায়ী সাবাব হোসেন বলেন, প্রায় ১৫ বছর আগে ভোটার হলেও এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। তিনি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেন।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি