নারী এজেন্টদের বাধা ও হেনস্তার অভিযোগ তাসনিম জারার
বাংলাপ্রেস ডেস্ক: বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে পোলিং এজেন্টদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।
তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন কেন্দ্রে তাদের পোলিং এজেন্টদের ভেতরে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে এবং নানা অজুহাতে ঢুকতে দেওয়া হচ্ছে না। নারী এজেন্টদেরও হেনস্তার শিকার হতে হচ্ছে বলে দাবি করেন তিনি। সুষ্ঠু পরিবেশে সবাই যাতে ভোট দিতে পারেন, সে দাবি জানান এই প্রার্থী।
সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একযোগে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলবে।
দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে মোট ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন—দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন।
নির্বাচনে দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। তাদের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি