ঝিনাইদহে ৪২০ বস্তা টিএসপি সারসহ ট্রাক জব্দ
বাংলাপ্রেস ডেস্ক: পাচারের চেষ্টাকালে ঝিনাইদহে ৪২০ বস্তা টিএসপি সার ভর্তি একটি ট্রাক জব্দ করেছে স্থানীয়রা। পরে সার ভর্তি ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ ক্যাডেট কলেজ এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সারবোঝাই একটি ট্রাক ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। ক্যাডেট কলেজের সামনে পৌঁছালে স্থানীয় জনতা ট্রাকটি থামিয়ে মালামাল ও চালানের রশিদ দেখতে চান। এ সময় চালক অসঙ্গতিপূর্ণ তথ্য দেন এবং সারের কোনো বৈধ কাগজপত্র বা চালান মেমো দেখাতে ব্যর্থ হন।
পরবর্তীতে সারের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় স্থানীয়রা জেলা ট্রাক-লরি-ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে জানান। বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে জানানো হলে কয়েক ঘণ্টা পর ট্রাকটি আরাপপুর স্ট্যান্ডে নেয়া হয়। তবে ঘটনার সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সারসহ ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়।
ঘটনাস্থলে উপস্থিত ঝিনাইদহ জেলা যুবদল নেতা সাজ্জাদুল হক মিলন জানান, সার পাচারের খবর পেয়ে স্থানীয়রা ট্রাকটি জব্দ করে তাদের খবর দেয়। চালক সারের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি, শুধু ৪২০ বস্তা সারের কথা উল্লেখ থাকা একটি কাগজ দেখিয়েছেন।
ঘটনার বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা জানান, ট্রাকটি যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। সারসহ ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। সার পরিবহনের মালিক বৈধ কাগজপত্র দেখাতে পারলে ট্রাকটি ছেড়ে দেয়া হবে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান জানান, সারবোঝাই ট্রাকটির উৎস নিশ্চিত হতে লোক পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, ট্রাকে থাকা সারের কাগজপত্র যাচাই করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তাকে বলা হয়েছে। যাচাই-বাছাই শেষে সারের পরিবহন অবৈধ প্রমাণিত হলে কঠোর আইনগত পদক্ষেপ নেয়া হবে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি