জাতীয় দলের অনেকেও সম্ভবত আমার ধারেকাছে ছিল না: মাহমুদউল্লাহ
বাংলাপ্রেস ডেস্ক: গত ৩০ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম বিস্ময়ই জন্ম দিয়েছিল। প্রথম ডাকে কোনো দলই মাহমুদউল্লাহ রিয়াদকে নিতে আগ্রহ দেখায়নি। শেষমেশ রংপুর রাইডার্স অবশ্য তাকে দলে নিয়েছে, সেটাও আবার তার ক্যাটাগরির অর্থ দিয়েই। তবে তিনি জানালেন, তার ধারেকাছেও ছিলেন না জাতীয় দলের অনেক ক্রিকেটার, তবু উপেক্ষা করা হয়েছিল তাকে।
শেষ দুই বিপিএলে বরিশালকে চ্যাম্পিয়ন করাতে অবদান ছিল রিয়াদের, সঙ্গে মুশফিকুর রহিমেরও। তবে এরপরও চলতি বিপিএলে তাদেরকে নিয়ে শুরুতে আগ্রহ দেখায়নি কোনো দল। নিয়মানুযায়ী পরবর্তী ডাকে এক ক্যাটাগরি নিচে থেকে ডাকার কথা ছিল তাদেরকে। যদিও শেষমেশ রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেকের অনুরোধে তাদেরকে তাদের ‘বি’ ক্যাটাগরি থেকেই দলে নিয়েছে যথাক্রমে রংপুর রাইডার্স আর রাজশাহী ওয়ারিয়র্স।
বিষয়টার জন্য রংপুরকে ধন্যবাদ জানিয়েছেন রিয়াদ। তবে পারফর্ম্যান্স দিয়েও তিনি ধন্যবাদটা দিয়েছেন তার কিছুক্ষণ আগে। শুক্রবার (২ জানুয়ারি) সিলেট টাইটান্সের বিপক্ষে খেলেছিলেন ১৬ বলে ৩৪ রানের ইনিংস, দলকে জিতিয়ে তবেই ক্রিজ ছেড়েছেন তিনি।
এরপর সংবাদ সম্মেলনে যখন এলেন, তখন মাহমুদউল্লাহর দিকে স্বাভাবিকভাবেই ধেয়ে গেল নিলামের ওই ঘটনাটা। বিষয়টা বিস্মিত করেছিল তাকেও। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি (নিলাম) দেখছিলাম এবং আমি সত্যিই খুব অবাক হয়েছিলাম। আমি আসলেই স্তব্ধ হয়ে গিয়েছিলাম।’
দ্বিতীয় ডাক থেকে সে সম্মান দেখিয়ে তাদের নিজ ক্যাটাগরি থেকেই দলে টেনেছে রংপুর, সেজন্যে তাদেরকেও ধন্যবাদ দিতে ভোলেননি তিনি। তার কথা, ‘সত্যি বলতে আমি সত্যিই ধন্যবাদ দিতে চাই ইশতিয়াক ভাই এবং রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে। তারা আমাকে এই সুযোগটা দিয়েছে। কারণ আমি বিপিএল খেলতে চেয়েছিলাম। তো সেটার জন্য আমি এই ফ্র্যাঞ্চাইজি, দলের মালিকপক্ষ এবং কোচ ও অধিনায়কের প্রতি সত্যিই আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।’
তবে নিলামে যে শুরুতে দল পাননি, তার দায় কোনোভাবেই নিজের কাঁধে নেননি তিনি। তার অভিমত, শেষ কয়েক বছরের পারফর্ম্যান্সে জাতীয় দলের অনেকের চেয়েও অনেক এগিয়ে আছেন তিনি।
মাহমুদউল্লাহ বলেন, ‘কারণ আমার মনে হয়, গত দুই বছর এমনকি গত তিন বছরের পারফরম্যান্সের পরিসংখ্যান বা গ্রাফ যদি আপনি দেখেন, তবে আমার মনে হয় জাতীয় দলের অনেক খেলোয়াড়ও সম্ভবত আমার পরিসংখ্যানের ধারেকাছে ছিল না বিশেষ করে স্ট্রাইক রেট, গড় এবং রানের ক্ষেত্রে।’
যদিও বাস্তবতা মেনে নিয়ে এরপর তিনি বলেছেন, ‘তবে ঠিক আছে, সব ঠিক আছে (বা ব্যাপার না)।’
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি