৮ মে ২০২৬

গরমে বেঁকে যাচ্ছে রেললাইন, ধীরে ট্রেন চালানোর নির্দেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
গরমে বেঁকে যাচ্ছে রেললাইন, ধীরে ট্রেন চালানোর নির্দেশ
বাংলাপ্রেস ডেস্ক: প্রচণ্ড তাপপ্রবাহে বিভিন্ন স্থানে রেললাইন বেঁকে যাওয়ার কারণে পশ্চিমাঞ্চল ট্রেনের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে। চলমান তাপপ্রবাহের মধ্যে রেললাইন বেঁকে যেতে পারে এ আশংকা থেকে পশ্চিমাঞ্চল রেলওয়েতে ট্রেন চালাচল করছে ধীরগতিতে। পাবনা ও ঈশ্বরদী এলাকায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহে বেঁকে যাচ্ছে রেল লাইনের পাত। ট্রেনের গতি কমানোর পাশাপাশি সতর্ক না থাকলে যেকোনো মুহূর্তে ট্রেন দুর্ঘটনার আশংকা করছে রেল র্কতৃপক্ষ। রেল কর্তৃপক্ষের দাবি রেললাইনের লোহার পাতগুলো মূলত ৫০ ডিগ্রি পর্যন্ত সহনীয় কিন্তু চলমান তীব্র তাপপ্রবাহে লোহার পাতের তাপমাত্রা ৫৭ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার কারণে লাইন বেঁকে যাচ্ছে। এরই মধ্যে গত বৃহস্পতিবার রেলের পাকশী বিভাগের আব্দুলপুর স্টেশনে এবং শুক্রবার (২৬ এপ্রিল)  ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে রেললাইন বেঁকে যায়। শুক্রবার রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ ট্রেনটিকে প্রায় এক ঘণ্টা আটকে রাখার পর অন্য লাইন দিয়ে ঘুরিয়ে থ্রো-পাস করা হয়। পরে রেলের কর্মচারীরা প্রায় দুই ঘণ্টা ধরে লাইনের ওপর পানি ঢেলে তাপ কমিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং পুনরায় ওই রেল লাইনে ট্রেন চলাচল শুরু হয়। ঈশ্বরদী বাইপাস স্টেশনে কর্মরত স্থানীয় শ্রমিক আকমল হোসেন জানান, ঈশ্বরদী স্টেশন থেকে কপোতাক্ষ ট্রেন ছাড়ার পর বাইপাস স্টেশনের কাছে আসার আগেই দূর থেকে রেললাইন বাঁকা মনে করেন স্টেশন মাস্টার তাওলাদ হোসেন। সঙ্গে সঙ্গে বিষয়টি পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তাদের জানানো হয়। পরে বিভাগীয় রেলের পরিবহন কর্মকর্তা ও সহকারী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রেনটি অন্য লাইন দিয়ে থ্রো-পাসের ব্যবস্থা করেন। বাইপাস স্টেশনের মাস্টার তাওলাদ হোসেন জানান, তীব্র রোদে রেললাইন প্রায় ২৫ ফুট বেঁকে যায়, পরে রেলওয়ের লোকজন লাইনের ওপর পানি ঢেলে তাপমাত্রা কমিয়ে আনার পর রেলপথ স্বাভাবিক হয়। পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, গত এক সাপ্তাহ ধরে পাবনা ঈশ্বরদী আবহাওয়া অফিসের রেকর্ড মোতাবেক ৪০ ডিগ্রির ওপরে তাপমাত্রা বিরাজ করছে। অতি তীব্র তাপমাত্রায় গত বৃহস্পতিবার আব্দুলপুর স্টেশনে এবং শুক্রবার ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে রেললাইন বেঁকে যায়। এ জন্য রেল চলাচলে সাময়িক অসুবিধা হয়েছে। পরে প্রকৌশলীদের সহায়তায় লাইনে পানি ঢেলে বিষয়টির সমাধান করা হয়। পাকশী বিভাগের প্রকৌশলী-২ বীরবল মন্ডল বলেন, চলমান তীব্র তাপপ্রবাহে কিছু কিছু স্থানে রেললাইন বেঁকে যাচ্ছে। পরিবেশগত তাপমাত্রার চেয়ে রেললাইনের লোহার তাপমাত্রা ১৫-২০ ডিগ্রি বেড়ে যায়। রেললাইনের লোহার রেলপাত ৫০ ডিগ্রি পর্যন্ত সহনীয় থাকে। কিন্তু চলমান তীব্র তাপপ্রবাহে লোহার রেলপাতের তাপমাত্রা ৫৭ ডিগ্রি ছড়িয়ে যাওয়ার কারণে লাইন বেঁকে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে পানি ঢালার পর বাঁক স্বাভাবিক পর্যায়ে ফিরে আসছে। কিন্তু বেশি পরিমাণ বেঁকে গেলে বাঁকা অংশ কেটে বাদ দিয়ে নতুন করে জোড়া দেওয়া হচ্ছে। পশ্চিমাঞ্চলীয় রেল পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সূফি নুর মোহাম্মদ বলেন, বিষয়টি যদিও প্রাকৃতিক, তবুও আমরা খুবই গুরুত্বের সাথে দেখছি। কেননা হাজার হাজার যাত্রী চলাচল করে থাকে রেলে। বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে বর্তমান পরিস্থিতিতে সতর্কতার সাথে এবং দিনের বেলায় প্রখর রোদে গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি