গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আহত ৩
বাংলাপ্রেস ডেস্ক: গোপালগঞ্জ সদরের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে দুই আনসার সদস্য ও এক শিশুসহ তিনজন আহত হয়েছেন। কেন্দ্রের মূল ফটকও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভোটকেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এ সময় দুর্বৃত্তরা কেন্দ্রের বাইরে খালের ওপার থেকে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণে কেন্দ্রে দায়িত্বে থাকা দুই আনসার সদস্যসহ তিনজন আহত হন। বিকট শব্দে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আহতরা হলেন আনসার সদস্য সুকন্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন এবং এক ভোটারের সঙ্গে আসা ১৩ বছর বয়সী আমেনা খানম। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, আহতদের অবস্থা স্থিতিশীল।
ঘটনার পর কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। কিছু সময় উত্তেজনা দেখা দিলেও ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার কথা জানানো হয়েছে।
এ ঘটনায় নির্বাচনী নিরাপত্তা জোরদারের বিষয়টি আবারও সামনে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্র এলাকায় কঠোর অবস্থানে রয়েছে। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে আগ্রহ প্রকাশ করলেও এমন ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি