যুক্তরাষ্ট্রের টাঁকশালে ট্রাম্পের ১ ডলারের মুদ্রার চড়া মূল্য
ছাবেদ সাথী'র তাজা ভাবনা
ছাবেদ সাথী
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের আড়াইশ বছর পূর্তি উপলক্ষে ট্রাম্পের প্রতিকৃতিসংবলিত ১ ডলারের একটি মুদ্রা প্রকাশ করেছে অর্থ বিভাগ। ক্ষমতাসীন প্রেসিডেন্টের ছবি থাকা একটি মুদ্রাকে নিরীহ বিষয় মনে হতে পারে। কিন্তু এটি বিপজ্জনক নজির তৈরি করছে—ব্যক্তিগত রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে যুক্তরাষ্ট্রের টাঁকশালকে।
ঐতিহাসিকভাবে ১ ডলারের ধাতব মুদ্রার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কখনো আকর্ষণের, কখনো বিরাগের। ১৭৯২ সালের মুদ্রা আইনের মাধ্যমে মার্কিন মুদ্রা তৈরির জন্য একটি ফেডারেল টাঁকশাল প্রতিষ্ঠা করা হয়। গৃহযুদ্ধের ব্যয় মেটাতে পরে ‘গ্রিনব্যাক’ নামে কাগুজে নোট চালু করা হয়। ১৯১৩ সালের ফেডারেল রিজার্ভ আইনের মাধ্যমে দেশের কেন্দ্রীয় ব্যাংকব্যবস্থার যাত্রা শুরু হয়। ফেডারেল রিজার্ভ বোর্ড ১৯১৪ সালে প্রথম ফেডারেল রিজার্ভ নোট হিসেবে ১০ ডলারের নোট প্রকাশ করে। কাগুজে নোট প্রচলনের মানদণ্ড হয়ে ওঠার পরও সরকার বারবার ধাতব মুদ্রার ব্যবহার ফিরিয়ে আনার চেষ্টা করেছে।
১ ডলারের কাগুজে নোট পর্যায়ক্রমে তুলে দেওয়ার অপরিণামদর্শী পরিকল্পনার ভিত্তিতে ২০০৯ সালের ‘নেটিভ আমেরিকান ওয়ান ডলার কয়েনেজ অ্যাক্ট’-এর আওতায় সাধারণ লেনদেনের জন্য ১ ডলারের ধাতব মুদ্রা উৎপাদন বাড়ানো হয়। ২০১১ সালে ফেডারেল রিজার্ভের ভল্টে এ ধরনের প্রায় ১৪০ কোটি মুদ্রা জমা ছিল। সাধারণ লেনদেনে ১ ডলারের ধাতব মুদ্রা চালুর ব্যয়সাশ্রয়ী হওয়ার যুক্তি খণ্ডিত হওয়ায় এবং চাহিদা কম থাকায় এসব মুদ্রার অনেকগুলো এখনো ফেডারেল রিজার্ভের ভল্টে পড়ে আছে।
যুক্তরাষ্ট্রে ১ ডলারের ধাতব মুদ্রা কখনো ব্যাপক গ্রহণযোগ্যতা পায়নি। ক্রয়ক্ষমতা যতই কমুক, আমেরিকানরা তাঁদের ১ ডলারের কাগুজে নোটই পছন্দ করেন। কানাডা ১৯৮৯ সালে ১ ডলারের নোট তুলে দিয়ে তার বদলে ‘লুনি’ নামের ১ ডলারের মুদ্রা চালু করে। এমনকি ১৯৯৬ সালে ২ ডলারের নোটও তুলে দিয়ে ‘টুনি’ মুদ্রা চালু করা হয়। ইউরোপীয় ইউনিয়নের সর্বনিম্ন মূল্যমানের নোট ৫ ইউরো, আর যুক্তরাজ্যের সর্বনিম্ন মূল্যমানের নোট ৫ পাউন্ড। যুক্তরাজ্য ও কানাডার মতো দেশের মুদ্রায় জীবিত রাষ্ট্রপ্রধানের প্রতিকৃতি থাকলেও তা সাংবিধানিক রাজতন্ত্রের প্রতিনিধিত্ব করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র একটি সাংবিধানিক প্রজাতন্ত্র।
যুক্তরাষ্ট্রের টাঁকশাল ‘প্রেসিডেনশিয়াল ১ ডলার কয়েন প্রোগ্রাম’-এর আওতায় ১ ডলারের মুদ্রা তৈরি করেছিল। সেই কর্মসূচি এখন শেষ হয়েছে। এর পরিবর্তে চালু হওয়া ‘আমেরিকান ইনোভেশন ডলারস’ কর্মসূচি ২০৩২ সাল পর্যন্ত চলবে। নিয়ম অনুযায়ী, মুদ্রায় কোনো ব্যক্তির প্রতিকৃতি ব্যবহারের আগে তাঁর মৃত্যুর অন্তত দুই বছর পার হতে হবে। যেমন, জর্জ এইচ. ডব্লিউ. বুশের মৃত্যুর দুই বছর পর, ২০২০ সালে তাঁর প্রতিকৃতিসংবলিত মুদ্রা প্রকাশ করা হয়। জিমি কার্টার ২০২৪ সালের ২৯ ডিসেম্বর মারা যাওয়ায় আমরা আশা করতে পারি, ২০২৬ সালের ২৯ ডিসেম্বরের পর কোনো এক সময়ে তাঁর প্রতিকৃতিসংবলিত ১ ডলারের মুদ্রা প্রকাশ করা হবে। এসব মুদ্রা সাধারণত দৈনন্দিন লেনদেনের জন্য নয়, বরং মুদ্রাসংগ্রাহকদের জন্য প্রকাশ করা হয়।
যুক্তরাষ্ট্রের টাঁকশাল এই সংগ্রাহকবাজারকে কাজে লাগিয়েছে। ২০২৪ সালে প্রতিষ্ঠানটি ৪৬ কোটি ৯০ লাখ ডলারের সংগ্রহযোগ্য মুদ্রা ও সংশ্লিষ্ট সামগ্রী বিক্রি করেছে, যার অধিকাংশই কখনো সাধারণ লেনদেনে ব্যবহৃত হবে না। এ ছাড়া রুপা, সোনা বা প্লাটিনামের তৈরি ২৩০ কোটি ডলারের বেশি মূল্যের বুলিয়ন মুদ্রা বিক্রি করেছে। এসব মুদ্রা সংশ্লিষ্ট মূল্যবান ধাতুতে বিনিয়োগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।
তাহলে কি ট্রাম্পের মুদ্রা ভোক্তাদের মধ্যে ১ ডলারের ধাতব মুদ্রার প্রতি অনাগ্রহ বদলে দেবে? মোটেও নয়। আইনগতভাবে সাধারণ লেনদেনের একটি কর্মসূচির আওতাভুক্ত হলেও টাঁকশাল এসব মুদ্রা মূলত সংগ্রাহকদের কাছেই সরবরাহ করে। স্মারক হিসেবে সংগ্রাহকেরা নিজেদের সংগ্রহে যুক্ত করতে এটি কিনবেন। এর বাইরে মুদ্রাটির বাস্তব কোনো প্রয়োজন নেই।
অর্থনৈতিক উপযোগিতার এই অভাবই মুদ্রাটির প্রকৃত উদ্দেশ্য প্রকাশ করে। এটি কোনো ব্যবহারিক প্রয়োজন পূরণ না করায় এর সৃষ্টি হয়ে দাঁড়ায় পুরোপুরি রাজনৈতিক বিষয়। আসলে সমস্যাটি শুধু মুদ্রার মধ্যে সীমাবদ্ধ নয়।
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মুদ্রায় জীবিত ব্যক্তির প্রতিকৃতি ব্যবহার এড়িয়ে এসেছে। এই নীতির পেছনে যথেষ্ট কারণ রয়েছে। যেসব দেশ মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি ব্যবহার করে, সেগুলো হয় স্বৈরতান্ত্রিক রাষ্ট্র, নয়তো সেখানে রাজতন্ত্র রয়েছে। উত্তর কোরিয়ার ৫ হাজার ওনের নোটে কিম জং ইলের প্রতিকৃতি রয়েছে। সাদ্দাম হোসেন প্রেসিডেন্ট থাকাকালে ইরাকের মুদ্রায় তাঁর ছবি ছিল। অন্যদিকে ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া সচেতনভাবে মুদ্রায় জীবিত নেতাদের ছবি ছাপানো এড়িয়ে চলে, যাতে জাতীয় মুদ্রা সাময়িক কোনো শাসকের বদলে স্থায়ী রাষ্ট্রসত্তার প্রতিনিধিত্ব করে।
যুক্তরাষ্ট্রের মুদ্রায় ক্ষমতাসীন প্রেসিডেন্টের ছবি ব্যবহার একটি খারাপ নজির তৈরি করে এবং দেশটিকে অনাকাঙ্ক্ষিত রাষ্ট্রগুলোর কাতারে নিয়ে যায়। এই চর্চার সঙ্গে রাজতন্ত্রেরও সম্পর্ক রয়েছে—যার বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভে প্রতিবাদ জানানো হয়েছে।
এই প্রবণতা অর্থের বাইরেও বিস্তৃত। প্রশাসনের ২৫০ ফুট উঁচু বিজয়তোরণ নির্মাণের উদ্যোগেও ব্যক্তিগত ভাবমূর্তি প্রতিষ্ঠার গন্ধ রয়েছে। অর্থ বিভাগ যেভাবে আইনের ফাঁক ব্যবহার করে ক্ষমতাসীন প্রেসিডেন্টের মুখাবয়ব দিয়ে মুদ্রা তৈরি করেছে, একইভাবে নির্বাহী বিভাগ কংগ্রেসের সম্মতি ছাড়াই একটি স্থাপত্যস্মারক নির্মাণের যৌক্তিকতা দেখাতে ১৯২৫ সালের একটি আইনের ওপর নির্ভর করেছে। এই ক্ষমতার সীমালঙ্ঘনের পরিপ্রেক্ষিতে একজন ফেডারেল বিচারক প্রকল্পটি আটকে দিয়ে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন।
অর্থ বিভাগ প্রেসিডেন্টের প্রায় যেকোনো অনুরোধ পূরণে প্রস্তুত বলে মনে হওয়ায়, দেশের আড়াইশ বছর পূর্তি উপলক্ষে ট্রাম্পের ১ ডলারের মুদ্রা প্রকাশে ব্যবহার করা হয়েছে ২০২০ সালের ‘সার্কুলেটিং কালেক্টিবল কয়েন রিডিজাইন অ্যাক্ট’। মুদ্রার সম্মুখভাগে ট্রাম্পের ছবি বসিয়ে কার্যত ‘মৃত্যুর দুই বছর পর’ বিধানটি পাশ কাটানো হয়েছে। অর্থ বিভাগের আইনি যুক্তি একটি ব্যতিক্রমের ওপর নির্ভরশীল: ১৯২৬ সালে যুক্তরাষ্ট্রের দেড়শ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হাফ-ডলারের মুদ্রায় তৎকালীন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের প্রতিকৃতি ব্যবহার করা হয়েছিল।
কিন্তু এই পদক্ষেপের প্রতীকী অর্থ হলো ব্যক্তিগত রাজনৈতিক ভাবমূর্তি প্রতিষ্ঠা; জাতির বৃহত্তর কল্যাণে কাজ করা একজন জনসেবকের আচরণ নয়। নির্বাহী ক্ষমতার এই সীমালঙ্ঘনের চিত্র নতুন কংগ্রেসের সামনে থাকা কাজের বিষয়ে সতর্কসংকেত দিচ্ছে। এর মধ্যে রয়েছে জীবিত রাজনীতিকদের প্রতিকৃতিসংবলিত মুদ্রা তৈরি স্থায়ীভাবে নিষিদ্ধ করা।
সদস্যদের দলীয় পরিচয় যা-ই হোক, আইনসভা যখন নির্বাহী ক্ষমতার ওপর সীমারেখা টানার দায়িত্ব এড়িয়ে যায়, তখন আমাদের সরকারব্যবস্থার ভিত্তি ক্ষয়ে যেতে শুরু করে—এ ক্ষেত্রে, এক ডলার করে।
ছাবেদ সাথী: যুক্তরাষ্ট্রপ্রবাসী লেখক, সাংবাদিক ও মার্কিন রাজনৈতিক বিশ্লেষক। সম্পাদক বাংলা প্রেস।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি