আইসিইবিরোধী ক্লাস বয়কটের কারণে
যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় শতাধিক শিক্ষার্থী সাময়িক বরখাস্ত
মাস্ট্যাং পাবলিক স্কুলের শিক্ষার্থী
মিনারা হেলেন: যুক্তরাষ্ট্রের ওকলাহোমার গভর্নর কেভিন স্টিট বুধবার মাস্ট্যাং পাবলিক স্কুলের ১০০–এর বেশি শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। এসব শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)-এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ক্লাস থেকে বেরিয়ে আসে।
গভর্নর স্টিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ লিখেছেন, ক্লাস বয়কট করে প্রতিবাদে অংশ নেওয়া ১২২ শিক্ষার্থীকে বরখাস্ত করায় আমি মাস্ট্যাং সুপারিনটেনডেন্ট ড. চার্লস ব্র্যাডলিকে সাধুবাদ জানাই। তরুণ ওকলাহোমাবাসী মতপ্রকাশের স্বাধীনতা গুরুত্বপূর্ণ, কিন্তু ক্লাস ফাঁকি দিলে ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়। স্কুলে থাকুন, দক্ষতা অর্জন করুন এবং দায়িত্বশীলভাবে আপনার কণ্ঠ প্রকাশ করুন।
স্কুল জেলার এক বিবৃতিতে বলা হয়, ক্লাস বয়কটের পরিকল্পনা জানার পর শিক্ষার্থীদের আগেই শ্রেণিকক্ষে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। সতর্কতা উপেক্ষা করে যারা বয়কটে অংশ নেয়, তাদের অজুহাতবিহীন অনুপস্থিতির কারণে ইন-স্কুল সাসপেনশন দেওয়া হয়েছে। অন্য শিক্ষার্থীদের জন্য ক্লাস স্বাভাবিকভাবেই চলেছে।
জেলার বিবৃতিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্তবয়স্কদের সম্পৃক্ততার অভিযোগ খতিয়ে দেখা হলেও কোনো কর্মচারী এ কার্যক্রম উসকে দিয়েছেন বা সংগঠিত করেছেন এমন প্রমাণ পাওয়া যায়নি। অনলাইনে যাদের কর্মচারী হিসেবে চিহ্নিত করা হয়েছে, তারা হয় জেলার সঙ্গে যুক্ত নন, নয়তো ভুলভাবে উপস্থাপিত হয়েছেন।
মিনিয়াপোলিসে ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের অভিযানে দুই প্রতিবাদকারীর মৃত্যুর পর দেশজুড়ে আইসিইবিরোধী ক্লাস বয়কট দেখা গেছে।
বিশেষজ্ঞদের মতে, ক্লাস বয়কটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বিঘ্নিত হলে তা শিক্ষার্থীদের প্রথম সংশোধনীর আওতায় সুরক্ষিত প্রতিবাদের মধ্যে পড়ে না।
এদিকে টেক্সাস ও ফ্লোরিডা অঙ্গরাজ্য ইতোমধ্যে এমন প্রতিবাদে শিক্ষার্থীদের উৎসাহিত করার অভিযোগে কে–১২ স্কুল জেলাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে, ফলে বিষয়টি জাতীয় পর্যায়ে আলোচনায় এসেছে।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি