৬ নভেম্বর ২০২৬

ফ্রান্সে বিক্ষোভ ও ধর্মঘট, পুলিশের হাতে ৪৪৮ জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পিএম
ফ্রান্সে বিক্ষোভ ও ধর্মঘট, পুলিশের হাতে ৪৪৮ জন

বাংলাপ্রেস ডেস্ক: বেতন বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশজুড়ে কয়েক লাখ মানুষ বিক্ষোভ ও ধর্মঘটে অংশ নিয়েছেন। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ৫৩ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে ৪৪৮ জনকে। এ ছাড়া অগ্নিসংযোগের ৮৬টি ঘটনা ঘটেছে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব তথ্য পাওয়া গেছে। দেশজুড়ে অধিকাংশ অনুমোদিত বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও প্যারিস, লিওঁ, রেন ও তুলুজ শহরে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশজুড়ে বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ৫ লাখ ৭৫ হাজার মানুষ। এর মধ্যে রাজধানী প্যারিসে ছিলেন ৬৫ হাজার। এর আগে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৬ লাখ বলে প্রাথমিক হিসাব দেওয়া হয়েছিল।

তবে দেশটির শ্রমিক সংগঠন সিজিটি দাবি করেছে, বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ১৬ লাখ মানুষ। তাদের হিসাবে শুধু প্যারিসেই সমবেত হয়েছিলেন ৩ লাখ ৫০ হাজার বিক্ষোভকারী।

সিজিটি মহাসচিব সোফি বেনে ধর্মঘটকে ‘অত্যন্ত কার্যকর’ উল্লেখ করে সরকারের প্রতি শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্যারিসের বিক্ষোভে তিনি বলেন, ‘কিছুই আমাদের থামাতে পারবে না।’ এ সময় সব শ্রমিকের বেতন বাড়ানো এবং ন্যূনতম মজুরি ১০ শতাংশ বৃদ্ধির দাবি জানান তিনি।

এদিকে পরিস্থিতি সামাল দিতে শ্রমিক সংগঠন ও নিয়োগকর্তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, আগামী সোমবার মাতিনিয়ঁতে এ ‘সামাজিক সম্মেলন’ অনুষ্ঠিত হবে।

দেশজুড়ে ধর্মঘটের প্রভাব পড়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতেও। উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির ১৮৪টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬০টিতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে।

অন্যদিকে শিক্ষক সংগঠন এসএনইএস-এফএসইউর দাবি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ৫২ শতাংশ কর্মী ধর্মঘটে অংশ নিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্যারিস ও বোর্দোসহ কয়েকটি শহরে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি সরাতে পুলিশ অভিযান চালিয়েছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ফ্রান্সে শিক্ষার্থীদের একটি আন্দোলন শুরু হয়। শিক্ষার পরিবেশ, অর্থায়ন ও শিক্ষক-কর্মচারীর সংকটের প্রতিবাদে শুরু হওয়া ওই আন্দোলনের মধ্যেই এবার বেতন বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে দেশজুড়ে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সূত্র: আনাদোলু
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি