যুক্তরাষ্ট্রে একদিনেই ৩০৮ অবৈধ অভিবাসী গ্রেপ্তার, ঘুরে বেড়াচ্ছে ৭ লাখ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই ) প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব গ্রহণের প্রথম পূর্ণ দিনে মঙ্গলবার (২১ জানুয়ারি) ৩০৮ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে অনেকের বিরুদ্ধে হত্যাকাণ্ড ও শিশুধর্ষণের অভিযোগ রয়েছে বলে বর্ডার সাজার টম হোমান জানিয়েছেন।
বুধবার হোমান বলেন, অভিবাসন কর্মকর্তারা 'জননিরাপত্তার জন্য হুমকি' সৃষ্টি করে এমন অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা শুরু করেছেন। এমন ৭ লাখ অভিবাসী সারা দেশে ঘুরে বেড়াচ্ছে। এদের বিরুদ্ধে আইসিই তাদের তদন্ত কাজ শুরু করছেন বলে জানান হোমান।
টম হোমান ঘোষণা করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে অভিবাসন অভিযান আবার শুরু করা হবে। যার মধ্যে স্যাংচুয়ারি শহরগুলোতেও অভিযান চালানো হবে।
আগের একটি সাক্ষাৎকারে দ্য পোস্ট-কে হোমান বলেছিলেন যে স্যাংচুয়ারি শহর এবং রাজ্যের নেতাদের সহযোগিতা ছাড়াই, ফেডারেল এজেন্টরা অপেক্ষা করবে যতক্ষণ না অপরাধীরা জেল থেকে বের হয়। তারপর তারা আশপাশের এলাকায় গিয়ে তাদের আটক করবে।
হোমান আরও উল্লেখ করেছেন যে আইসিই কর্মকর্তারা অপরাধমূলক রেকর্ড থাকা অবৈধ অভিবাসীদের একটি 'টার্গেট লিস্ট' তৈরি করেছেন। যাদের তারা গ্রেপ্তার এবং নির্বাসিত করার পরিকল্পনা করছে।
হোমান আইসিই সম্পর্কে বলেছেন, তারা এখন দেশজুড়ে সবচেয়ে গুরুতর জননিরাপত্তা হুমকির সন্ধানে রয়েছে এবং আমরা তাদের কাজে ফিরিয়ে দিচ্ছি। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন দক্ষিণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে ব্যবস্থা নিচ্ছে।
হোমল্যান্ড সিকিউরিটি সূত্রে জানা গেছে, সীমান্ত এজেন্টদের অবৈধ অভিবাসীদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। যা তাদের সীমান্তে আটক ও নির্বাসন কার্যকর করতে বাধ্য করছে।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন সীমান্তে অতিরিক্ত ১,৫০০ সক্রিয় দায়িত্ব পালনকারী সেনা মোতায়েন করার পরিকল্পনা করছে।
এদিকে, যুক্তরাষ্ট্রে ‘সংবেদনশীল স্থাপনা’ থেকে অভিবাসীদের আটকের বিষয়ে সব বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার জারি হওয়া এই নির্দেশনার কারণে এখন থেকে শিক্ষাঙ্গন, গির্জা ও হাসপাতাল থেকেও অভিবাসীদের আটক করতে পারবে অভিবাসন কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা সংক্রান্ত অধিদফতর হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেফতার এড়াতে অপরাধীরা আর গির্জা ও বিদ্যালয়ে লুকিয়ে থাকার সুযোগ পাবে না।
ট্রাম্প প্রশাসন আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত বেঁধে না রেখে তাদের বিবেকের ওপর আস্থা রাখবে। এক দশকের বেশি সময় ধরে এসব স্থান থেকে কোনো অভিবাসীকে আটক করতে পারত না ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন।
হোমল্যান্ড সিকিউরিটি এ দুটি সংস্থার তত্ত্বাবধানে রয়েছে। মঙ্গলবার দুটি নির্দেশনা জারি করেছেন হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত প্রধান বেনজামিন হাফম্যান।
একটি হচ্ছে সংবেদনশীল স্থাপনা থেকে গ্রেফতার সংক্রান্ত। আর দ্বিতীয় নির্দেশনার ক্ষমতাবলে, বৈধ কাগজপত্রবিহীন আটককৃত ব্যক্তি যুক্তরাষ্ট্রে দুবছরের বেশি সময় ধরে অবস্থান প্রমাণ করতে ব্যর্থ হলে তাকে দ্রুত দেশ থেকে বের করে দিতে পারবে কর্তৃপক্ষ। হোয়াইট হাউজের মসনদে বসেই নির্বাহী আদেশ জারির ঝড় তোলেন ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী কঠোর অভিবাসী নীতি জারি করেছেন তিনি। তার হাত ধরেই পুরোনো নির্দেশনা দুটি পুনর্বহাল করা হলো। প্রেসিডেন্টের ‘ব্যাপক অভিবাসী নির্বাসন’ পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের তাৎক্ষণিকভাবে আটকের জন্য মাঠে নামার অঙ্গীকার করেছেন প্রশাসনিক কর্মকর্তারা।
অবশ্য সংবেদনশীল স্থাপনা থেকে আটকের অনুমতি প্রদানের ফল ক্ষতিকর হবে বলে ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
আইন বিষয়ক গবেষণা সংস্থা দ্য সেন্টার ফর ল অ্যান্ড সোশ্যাল পলিসি তাদের এক বিবৃতিতে বলেছে, এই পদক্ষেপের কারণে অভিবাসীদের পরিবার ও তাদের সন্তানের পাশাপাশি মার্কিন শিশুরাও মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে। স্বাস্থ্যসেবা, ত্রাণ সহায়তা, স্কুলে যাওয়া থেকে শুরু করে দৈনন্দিন জীবনের কাজে তারা বাধার শিকার হওয়ার ঝুঁকিতে থাকবে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি