ভোজপুরি ছবিতে মিষ্টি জান্নাত
বিনোদন ডেস্ক : এবার ভোজপুরি ছবিতে অভিষেক হতে যাচ্ছে ঢালিউড নায়িকা মিষ্টি জান্নাতের। ‘রংবাজ খিলাড়ি’ শিরোনামের এ সিনেমাটি পরিচালনা করছেন সেখানকার সত্য প্রকাশ। এখানে মিষ্টি অভিনয় করছেন ভোজপুরি সিনেমার অন্যতম নায়ক রাকেশ ও বান্টি ব্যানার্জির সঙ্গে।
মিষ্টি বলেন, ‘ভারত এখন আমার সেকেন্ড হোম। প্রতি মাসেই এখানে আসা হয়, থাকাও হচ্ছে। সেটা শুটিংয়ের জন্যই বলতে পারেন। এ ছবি ছাড়াও বেশ কিছু ছবি নিয়ে কথা হচ্ছে। মনে হচ্ছে, এখানকার ছবিতেই নিয়মিত অভিনয় করা হবে।’ আর ভোজপুরি ছবিতে অভিনয়ের অভিজ্ঞতাও দারুণ মিষ্টির। কথায় কথায় জানালেন মিষ্টি, ‘এ অভিজ্ঞতা বলে বোঝানোর মতো নয়। বিশেষ করে ভোজপুরি ভাষায় অভিনয় করাটা অতিমাত্রার দুঃসাহসিক কাজ বলে মনে হয়েছে আমার। তারা আমাকে হিন্দি ভাষায় সংলাপগুলো বুঝিয়ে দিচ্ছেন।
সব মিলিয়ে সাবলীল এবং সুন্দরভাবেই চিত্রায়িত হচ্ছে ছবিটি।’ভোজপুরির পাশাপাশি তামিল ভাষাতেও ছবিটি মুক্তি পাবে বলে জানান তিনি। ঢালিউডে মিষ্টির ক্যারিয়ার বেশি দিনের নয়।
২০১৪ সালে শুরু হওয়া ক্যারিয়ারে এই নায়িকার এখন পর্যন্ত মুক্তি পেয়েছে তিনিটি ছবি। হাতে আছে বেশ কিছু ছবির কাজ। তার মধ্যে তামিল ছবিও রয়েছে। দুর্বার গতিতেই এগিয়ে চলেছে মিষ্টির চলচ্চিত্র অভিযান। মিষ্টি জান্নাত অভিনীত ‘তুই আমার রানী’ ছবিটি মুক্তি পায় গত ৫ এপ্রিল। ছবিটির ব্যবসায়িক ফলাফল যাই হোক এ ছবির মাধ্যমে দর্শকের নজর কেড়েছেন তিনি। বিশেষ করে ‘দুনিয়াটা তিতা তিতা আমি শুধু মিষ্টি’-এই গানটিতে মিষ্টির পারফরমেন্স দর্শক ভুলতে পারেনি এখনও।
থাইল্যান্ডে চিত্রায়িত কনার গাওয়া ও প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা গানটির সঙ্গীত আয়োজন করেছেন আকাশ। আর কোরিওগ্রাফি করেছেন খালিদ। গানটিতে দারুণ আবেদনময়ী হয়ে নেচেছিলেন মিষ্টি জান্নাত। গানটি প্রকাশের প্রথম দিনেই ছাড়িয়ে যায় লাখপাঁচেক ভিউ। এর কদিন পরেই মুক্তি পায় ছবিটি। যদিও সুহাসিনী এ নায়িকা ‘লাভ স্টেশন’ ও ‘চিনিবিবি’ ছবির মাধ্যমে এরই মধ্যে দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন। আর এই ছবির মাধ্যমে সেই পরিচিতিটা শক্ত-পোক্ত হয়েছে আরও।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি