ভেঙ্গে গেলো আইয়ুব বাচ্চুর এলআরবি
বিনোদন ডেস্ক : ব্যান্ড লিজেন্ড আআইইয়ুব বাচ্চুর মৃত্যুর পর তার নিজ হাতে গড়া স্বপ্নের ব্যান্ডদল এলআরবি নিয়ে দফায় দফায় মঞ্চস্থ হয়েছে বিভিন্ন নাটক। আইয়ুব বাচ্চুর ভক্তরা এতে যেমন ব্যথিত হয়েছেন, তেমনি তাদের মধ্যে ক্রোধেরও সঞ্চার হয়েছে। ব্যান্ড সদস্যদের মতানৈক্য’র কারণে অনিশ্চয়তার দিকে এগিয়ে গেছে এলআরবি’র ভবিষ্যৎ। শেষ পর্যন্ত ভেঙেই গেলো এলআরবি। সদস্যদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, এলআরবি ভেঙেই গেছে। আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের চার সঙ্গী দুই ভাগে ভাগ হয়ে গেছেন। দুজন এক দিকে, বাকি দুজন অন্যদিকে। গিটারিস্ট মাসুদ ও ব্যবস্থাপক শামীম আর এলআরবির সঙ্গে নেই।
অন্যদিকে, এলআরবি নিয়ে এগোতে চান ড্রামার রোমেল ও প্রতিষ্ঠাতা সদস্য গিটারিস্ট স্বপন। দলের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেলো তাদের এই বিভাজনের খবর।
জনপ্রিয় ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর অনেক শঙ্কার মাঝে হঠাৎ জানা গেল, বালাম এলআরবি ব্যান্ডের নতুন ভোকাল। এমন ঘোষণায় চমকে ওঠেন সবাই। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র সমালোচনার মুখে পড়েন বালাম। বালামকে নিয়ে এলআরবি সদস্যরা দলের নাম বদল করতে বাধ্য হন। এলআরবি সদস্যরাসহ নাম বদলে ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’ গঠন করেন।
এ বিষয়েও অনেক জল ঘোলা হয়। এলআরবি ব্যান্ডে বালামের অন্তর্ভুক্তির পর ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’র ঘটনা চলার মধ্যেই পরিবারের পক্ষ থেকে এ বছর ১৭ এপ্রিল ছেলে আহনাফ তাজওয়ার আইয়ুব জানান, এলআরবি অথবা ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’র সদস্যরা চাইলে এলআরবি নামে গান করতে পারেন। এ নিয়ে তাঁদের কোনো বাধা নেই। এরপর এলআরবি সদস্যরা বালামকে নিয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা দেন। কিন্তু কিছুদিন ধরে দৃশ্যপট বদলাতে থাকে। ব্যান্ডের সদস্যদের একে অপরের মধ্যে তৈরি হতে থাকে দূরত্ব।
এদিকে, এলআরবি’র ব্যবস্থাপক শামীম আহমেদ বলেন, ‘আমি আর এলআরবির সঙ্গে নেই। যাঁরা আছেন তাঁদের জন্য শুভকামনা।’ কখনো এলআরবি নিয়ে আবার গানের দল করার চিন্তাভাবনা আছে? শামীম বলেন, ‘সে রকম কোনো চিন্তাভাবনা নেই।’ মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এলআরবি আসলে কার? আমি তো বলব, বস (আইয়ুব বাচ্চু) নেই, এলআরবিও নেই।’
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি