তৃতীয় বিয়ে নিয়ে খোলাখোলি কথা বললেন শ্রাবন্তী
বিনোদন ডেস্ক: তৃতীয়বারের মতো বিয়ে করেছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পাত্র রোশন সিংহ। চণ্ডীগড়ে গত ১৯ এপ্রিল পঞ্জাবি মতে বিয়ের পর এই নায়িকা কলকাতা ফিরেছেন ২৩ এপ্রিল। আর ফিরেই সোজা শুটিং মনোযোগী হয়েছেন শ্রাবন্তী। তৃতীয় বিয়ে নিয়ে কলকাতার স্থানীয় সংবাদ মাধ্যমে কথা বলেছেন শ্রাবন্তী। রোশনের সঙ্গে পরিচয়ের বিষয়ে শ্রাবন্তী বলেন, রোশন সিংহকে দু’বছর আগে থেকেই চিনতাম কাছের কিছু বন্ধুদের মাধ্যমে। জানতাম ও কিক ফিটনেস জিমের মালিক। এছাড়া একটি বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজার। কিন্তু কথা হয়নি তখন। তার পর একবার বাংলাদেশ থেকে ফিরছিলাম। তখন প্লেনে দেখা। তার পর থেকেই বন্ধুত্বের শুরু।
বিয়ের সিদ্ধান্ত নেয়ার বিষয়ে এই নায়িকা বলেন, আমাদের দুজনের একই বছর একই দিনে জন্মদিন। তা ছাড়াও অনেক মিল। দেখলাম ও আমার মতোই। ওর ফ্যামিলি ভীষণ ভালো। ওর মা সিঙ্গল মাদার। ছোটবেলায় বাবা মারা গিয়েছিলেন। ওর দিদি, জামাইবাবুরা আমাকে খুব ভালবাসে। সম্মান দেয়। আমার বাবা-মাকেও খুব সম্মান দিয়েছে। ফলে দুই বাড়ি থেকেই আমাদের বিয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
কলকাতায় বিয়ে না করে, কাউকে না জানিয়ে চণ্ডীগড়ে বিয়ে করার বিষয়ে চ্যাম্পিয়ন খ্যাত এ নায়িকা বলেন, এখানে তো আমার অনেক শুভাকাঙ্খী। আগে কী হয়েছে বা আমাকে নিয়ে এখানে এতো আলোচনা। আসলে আমি জ্যোতিষে বিশ্বাস করি। আমার জ্যোতিষী, যেখানে জন্ম তার কাছাকাছি বিয়ের অনুষ্ঠান করতে বলেছিলেন। আমার অমৃতসরে জন্ম। সে জন্যই চণ্ডীগড়ে বিয়ে আয়োজন করা। আর পুরো বিয়ে হয়েছে পাঞ্জাবি মতে।
ছেলের প্রসঙ্গে টেনে তিনি আরো বলেন, আমার ছেলে ঝিনুকের মতামত ছা়ড়া আমি কোনো কাজ করি না। এই বিয়েতে ঝিনুক খুশি। ও চায় আমি ভাল থাকি।
এখনি হানিমনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই শ্রাবন্তী- রোশনের। আপাতত দুজনেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তবে যেহেতু কলকাতায় কোনো অনুষ্ঠান হয়নি সেহেতু শিগগিরই আরো একটি অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে নতুন এ জুটির।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি