ট্রফি উপহার দিতে চান হামজা
বাংলাপ্রেস ডেস্ক: তাঁকে পেয়ে পুরো দল উজ্জীবিত। সাফ জয়ের আত্মবিশ্বাসটাও বেড়ে গেছে বাংলাদেশের। সেই হামজা দেওয়ান চৌধুরী নিজেও লাল-সবুজের জার্সিতে ট্রফি জিততে উন্মুখ হয়ে আছেন। ২০০৩ সালের পর আবার বাংলাদেশ সাফ জিতবে বলে বিশ্বাস শেফিল্ড ইউনাইটেডের এ মিডফিল্ডারের। এবারের সাফে বাংলাদেশকে ফেভারিট মনে করা হামজা গতকাল মঙ্গলবার কিংস অ্যারেনায় অনুশীলনের ফাঁকে নানা বিষয় নিয়ে কথা বলেছেন। তার চুম্বক অংশ তুলে ধরা হলো–
স্বপ্নপূরণে আত্মবিশ্বাস
আমরা জানি, পুরো দেশ কী চায়। তবে দলের ওপর আমার অনেক আত্মবিশ্বাস আছে। সিঙ্গাপুর, হংকংয়ের মতো দলের সঙ্গে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। ভারতকেও হারিয়েছি। আমরা জানি, আমাদের আরও ভালো খেলার সামর্থ্য আছে। আশা করি, এই টুর্নামেন্টে আমরা জিততে পারব।
২৩ বছরের খরা কাটানো
ফুটবল দলীয় খেলা। এখানে শুধু আমাকে নিয়ে ভাবলে হবে না, পুরো দল নিয়ে ভাবতে হবে। আমরা ধীরে ধীরে উন্নতি করছি। ঘরের দর্শকদের সামনে আবার বড় টুর্নামেন্টে খেলতে পারছি, এটা দারুণ ব্যাপার। ২৩ বছর হয়ে গেছে আমরা শিরোপা জিতিনি। আশা করি, এবার সেটি ঘরে ফিরিয়ে আনতে পারব।
গোল নিয়ে উদ্বিগ্ন নন
আমি উদ্বিগ্ন হতাম, যদি আমরা গোলের সুযোগ তৈরি করতে না পারতাম। কিন্তু আমরা সুযোগ তৈরি করছি। মালয়েশিয়ার বিপক্ষেও আমি নিজে সুযোগ নষ্ট করেছি। শেষ দিকে আমার গোল করা উচিত ছিল। আমরা সুযোগ তৈরি করতে পারছি। আশা করি, সেগুলো কাজে লাগানোও শুরু করব।
সমর্থকরা অনুপ্রাণিত করেন
বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। মানুষ আমাকে যে ভালোবাসা ও সমর্থন দেখায়, তা অনেক বড় ব্যাপার। ইংল্যান্ডে থাকতেও বাংলাদেশের সমর্থকরা আমাদের খেলা দেখতে যেতেন।
এটা আমার ও আমার পরিবারের কাছে অনেক অর্থ বহন করে। আশা করি, মাঠের পারফরম্যান্স দিয়ে তাদের সেই ভালোবাসার প্রতিদান
দিতে পারব।
ফুটবল নিয়ে উন্মাদনা
আমরা সবাই একটা ভালো সময়ে একসঙ্গে এসেছি। ফুটবল নিয়ে উন্মাদনা অনেক বেড়েছে। তবে এখন আমাদের ম্যাচ জিততে হবে। সমর্থকরা আমাদের খেলা দেখতে অনেক সময় ও অর্থ ব্যয় করেন। তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে হলে আমাদের টুর্নামেন্ট ও ম্যাচ জিততে হবে।
বাড়তি দায়িত্ব নেওয়া প্রসঙ্গে
মাঝেমধ্যে হয়তো আমি একটু বেশি কিছু করার চেষ্টা করি। শুধু দলকে সাহায্য করার জন্যই এমনটা করি।
কীভাবে আক্রমণ কিংবা রক্ষণে দলকে আরও ভালোভাবে সাহায্য করতে পারি, তা নিয়ে কোচের সঙ্গে কথা হয়েছে। আমাদের দলে আক্রমণ ও রক্ষণে ভালো করার মতো অনেক সক্ষম খেলোয়াড় আছে। আমার কাজ হলো তাদের সঙ্গে সমন্বয় করা এবং দলকে সাহায্য করা। আন্তর্জাতিক ফুটবলে একসঙ্গে কাজ করার সময় খুব বেশি পাওয়া যায় না। তবে আমরা ধীরে ধীরে একই জায়গায় আসছি।
সাফের ফেভারিট
আমার মনে হয়, বাংলাদেশই ফেভারিট। আমি অন্তত সেটাই মনে করতে চাই!
অধিনায়কত্ব প্রসঙ্গে
কোচ যদি আমাকে অধিনায়ক করতে চান, তাহলে আমি দায়িত্ব নেব। তবে দলে আমার চেয়ে বেশি অভিজ্ঞ খেলোয়াড় আছেন, যারা বাংলাদেশের হয়ে প্রায় ১০০ ম্যাচ খেলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ড্রেসিংরুমে সবাই যেন একই লক্ষ্যে কাজ করে। আমাদের মধ্যে পারিবারিক একটা পরিবেশ আছে, এটাই সবচেয়ে জরুরি।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি