
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় বালি বোঝায় ট্রাকের ধাক্কায় মেহেদি হাসান (২৮) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মটরসাইকেলে থাকা মোস্তফা কামাল ও পল্লব বিশ্বাস নামে দুইজন।
সোমবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের গাড়াগঞ্জ তেল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী যশোর জেলা সদরের পুলেরহাট গ্রামের নাসির উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী বিমলেন্দু কুমার ঘোষ জানান, যশোরের আবেদিন ইকুপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানীর তিন কর্মচারী মোটর সাইকেল যোগে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলেন। তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ রাস্তায় ছিটকে পড়ে ৩জন গুরুতর আহত হন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায়
মেহেদি নামের ওই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়।
আহত দুই জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই যশোরের আবেদিন ইকুপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানীর কর্মচারী বলে জানা গেছে। শৈলকুপা থানার ওসি ঠাকুরদাস মন্ডল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ সদর হাসপাতালে আছে। দুর্ঘটনার বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]