শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ তে নতুন করে আলোচনায় অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: নতুন করে আলোচনায় আসার চেষ্টা করছেন সাবেক জনপ্রিয় চিত্রনায়িকা এবং সুপারস্টার শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস। আর তিনি আলোচনায় আসার উপলক্ষ্য খুঁজছেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবির মাধ্যমে। এই ছবিতে তিনি নায়িকা চরিত্রে অভিনয় করছেন তার চেয়ে জুনিয়র নায়ক বাপ্পি চৌধুরীর বিপরীতে। জানা গেছে, এই ছবির একটি নতুন গানের শুটিং হয়েছে সম্প্রতি। এই গানে একফ্রেমে কাজ করেছেন অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী।
জানা গেছে, ‘তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়/শ্বশুরমশাই একশ’ একাই, নিজেই পথ দেখায়’ – শীর্ষক এই গানটি লিখেছেন গীতিকার সুদীপ কুমার দীপ। সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। গানটি নিয়ে অপু বিশ্বাস বলেন, গানের কাজটি ভালো হয়েছে। সম্প্রতি পুবাইলের হাসনাহেনা শুটিং হাউজে এর দৃশ্যধারণের কাজ হয়েছে। আমার বিশ্বাস, ছবির পাশাপাশি গানটি দর্শকদের ভালো লাগবে। অন্যদিকে অপুর নায়ক বাপ্পিও গানটি নিয়ে দারুন আশাবাদী। নির্মাতা দেবাশীষ বিশ্বাসও দৃঢ় ভাবে বিশ্বাস করেন – গানটি সবার ভালো লাগবে।
নির্মাতা সূত্রে জানা গেছে, এই গানে কন্ঠ দিয়েছেন ইমরান ও লিজা। আর ছবির জন্যে গানের কোরিওগ্রাফি করেছেন সাইফ খান কালু। জানা গেছে, সৈয়দ আশিক রহমানের প্রযোজনায় এ ছবিটি পরিচালনা করার পাশাপাশি চিত্রনাট্য করেছেন দেবাশীষ বিশ্বাস।
জানা গেছে, খুব শীঘ্রি এই ছবির সব কাজ শেষ করা হবে। উল্লেখ্য, অপু বিশ্বাস গত বছর সবশেষ ‘পাঙ্কু জামাই’ এবং বাপ্পি চৌধুরী সবশেষ চলতি বছর ‘দাগ হৃদয়ে’ ছবি নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন। এরপর তাদেরকে নতুন কোন ছবিতে দেখা যায়নি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি