৪ মে ২০২৬

স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব নোয়েমকে সরিয়ে ওকলাহোমার সিনেটরকে নিয়োগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৬:১৮ বিকাল
স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব নোয়েমকে সরিয়ে ওকলাহোমার সিনেটরকে নিয়োগ

ক্রিস্টি নোয়েম ও মার্কওয়েন মুলিন

আবু সাবেত: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন যে তিনি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) বা স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ সেক্রেটারি পদ থেকে ক্রিস্টি নোয়েমকে সরিয়ে ওকলাহোমার রিপাবলিকান সিনেটর মার্কওয়েন মুলিনকে নিয়োগ দিচ্ছেন। এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মন্ত্রিসভায় প্রথম বড় ধরনের পরিবর্তন।
ট্রাম্প ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে জানান, নোয়েম দায়িত্ব ভালোভাবেই পালন করেছেন এবং তাকে 'শিল্ড অব দ্য আমেরিকাস' নামের নতুন পশ্চিম গোলার্ধভিত্তিক উদ্যোগের বিশেষ দূত হিসেবে দায়িত্ব দেওয়া হবে।
তিনি লিখেছেন, 'আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ওকলাহোমা অঙ্গরাজ্যের সম্মানিত মার্কিন সিনেটর মার্কওয়েন মুলিন ৩১ মার্চ ২০২৬ থেকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।'
নতুন দায়িত্ব পাওয়ার পর নোয়েম ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'শিল্ড অব দ্য আমেরিকাসের বিশেষ দূত হিসেবে আমাকে নিয়োগ দেওয়ার জন্য ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্পকে। আমি সেক্রেটারি রুবিও ও সেক্রেটারি ওয়ারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে মুখিয়ে আছি, যাতে আমাদের দেশে মাদক ঢোকানো এবং বহু মানুষের মৃত্যু ঘটানো কার্টেলগুলোকে ধ্বংস করা যায়।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটিই কোনো মন্ত্রিসভার সদস্যের প্রথম বিদায়। প্রথম প্রশাসনের মতো এবার তার সরকারে উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘন ঘন পরিবর্তন দেখা যায়নি।
ওকলাহোমার জুনিয়র সিনেটর মুলিন ২০২৩ সাল থেকে সিনেটে আছেন এবং এর আগে প্রতিনিধি পরিষদের সদস্য ছিলেন। সাংবাদিকদের তিনি বলেন, 'আমি খুবই উচ্ছ্বসিত। পুরোপুরি অপ্রত্যাশিত না হলেও কিছুটা বিস্ময় ছিল। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে আমেরিকান জনগণের জন্য আরও কার্যকর করার অনেক কাজ করা সম্ভব।'
তার মনোনয়ন ইতোমধ্যেই কিছু ইতিবাচক প্রতিক্রিয়াও পেয়েছে। ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান তাকে 'ভালো মানুষ' বলে মন্তব্য করেছেন।
নোয়েমকে সরিয়ে দেওয়ার বিষয়ে কয়েক মাস ধরেই জল্পনা চলছিল। তবে এ সপ্তাহে কংগ্রেসে ধারাবাহিক শুনানিতে তার পারফরম্যান্স নিয়ে রিপাবলিকানদের সমালোচনা পরিস্থিতিকে আরও তীব্র করে তোলে।
বিশেষ করে ২২০ মিলিয়ন ডলারের একটি বিজ্ঞাপন প্রচারণা নিয়ে প্রশ্ন ওঠে, যেখানে নোয়েমকে বিশেষভাবে তুলে ধরা হয়েছিল। এছাড়া ডিএইচএসের মহাপরিদর্শকের তদন্তে বাধা দেওয়ার অভিযোগ এবং প্রাকৃতিক দুর্যোগের পর ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (ফেমা) তহবিল বিতরণে বিলম্ব নিয়েও তাকে জবাবদিহি করতে হয়।
এর আগে ট্রাম্প রয়টার্সকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে জানান, তিনি ওই ২২০ মিলিয়ন ডলারের বিজ্ঞাপন প্রচারণার অনুমোদন দেননি। সিনেটর জন কেনেডি অভিযোগ করেন, এই বিজ্ঞাপন মূলত নোয়েমের ব্যক্তিগত পরিচিতি বাড়ানোর' জন্য ব্যবহার করা হয়েছে।
এদিকে মিনেসোটায় অভিবাসন অভিযান চলাকালে দুই বাসিন্দার মৃত্যুর ঘটনায়ও নোয়েমের ওপর চাপ বাড়ে। ওই দুই ঘটনার পর নোয়েম দাবি করেছিলেন যে নিহতরা 'ঘরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত' ছিলেন। কংগ্রেসে তাকে এ বিষয়ে ক্ষমা চাইতে বলা হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।
ট্রাম্প শুরুতে মিনেসোটার পরিস্থিতি নিয়ে সমালোচনার মুখে নোয়েমকে সমর্থন করেছিলেন এবং দক্ষিণ সীমান্ত নিয়ন্ত্রণে তার ভূমিকার প্রশংসা করেছিলেন।
এই পরিবর্তন এমন সময় এল, যখন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ তিন সপ্তাহ ধরে আংশিক সরকারি অচলাবস্থার মধ্যে রয়েছে এবং বিভাগটির অর্থায়ন নিয়ে প্রতিনিধি পরিষদ ও সিনেটে ভোট হওয়ার কথা রয়েছে।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি