সুযোগ পেলে সিনেমাতেও কাজ করবে আলভী

বিনোদন ডেস্ক: গেল বছর ঈদে সর্বশেষ নাটকে অভিনয় করেছিলেন আলভী। এরপর আর অভিনয়ে পাওয়া যায়নি ২০০৭ সালের লাক্স তারকা আলভীকে। তবে আবারো অভিনয় ব্যস্ত হয়ে উঠার কথা জানালেন তিনি।
এতোদিন আলভী নিজের গ্রামের বাড়ি কুষ্টিয়ার থানা পাড়াতে একমাত্র সন্তান আমীরা হাসিন আহেলীকে নিয়ে ব্যস্ত ছিলেন। এই সময়ে অনেক পরিচালকই তার সঙ্গে যোগাযোগ করেছেন তাদের নাটকে অভিনয়ের জন্য। কিন্তু আলভী সময় বের করতে পারেননি। তবে এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন অভিনয়ে ফিরবেন। গেল বছর ঈদে আলভী বৈশাখী টিভিতে প্রচারিত ফরিদুল হাসানের ধারাবাহিক নাটক ‘বউয়ের দোয়া পরিবহন’ ও শাহজাদা মামুনের একটি খণ্ড নাটকে অভিনয় করেছিলেন। আলভী অভিনীত দর্শকপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘চলো না বৃষ্টিতে ভিজি’, ‘পত্রমিতালী’, ‘গৃহদাহ’, ‘দত্তা’, ‘দেনা পাওনা’, ‘হালখাতা’, ‘পাত্রী চাই’, ‘অলসপুর’, ‘গুলশান এভিনিউ’, ‘তুই কে আমার’, ‘সহযাত্রাী’, ‘সোনার খাঁচা’ ইত্যাদি।
আলভী জানান, এরইমধ্যে বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে আলাপও হয়েছে তার। আবার আলভীর আগ্রহ আছে ভালো গল্পের সিনেমায় অভিনয় করার। মুঠোফোনে কুষ্টিয়া থেকে তিনি বলেন, আমার সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমি সবার সঙ্গে ঠিকঠাকমতো যোগাযোগ রাখতে পারি না। যে কারণে অভিনয়েও আমাকে নিয়মিত দেখা যায় না। অবশ্য বিগত বেশ কিছু দিন আমি আমার সন্তানকে নিয়েই বেশি ব্যস্ত ছিলাম। কিন্তু এখন কাজে ফেরার প্রবল আগ্রহ আমার। আর এক্ষেত্রে বেছে বেছে ভালো গল্পের কাজই করতে চাই। এটা শুধু বলার জন্যই বলা নয়, সত্যিই তাই চাচ্ছি আমি। সুযোগ পেলে ভালো গল্পের একটি সিনেমায়ও কাজ করবো। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি