৮ সেপ্টেম্বর ২০২৬

‘শিল্পীদেরই কেন বারবার মূল্য দিতে হবে?’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পিএম
‘শিল্পীদেরই কেন বারবার মূল্য দিতে হবে?’

অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও অভিনেত্রী সাফা কবির

বাংলাপ্রেস ডেস্ক: ইতালিতে আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় লজ্জা ও ক্ষোভ প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। দেশের বাইরে চলচ্চিত্র ও মাতৃভূমিকে প্রতিনিধিত্ব করতে গিয়ে একজন শিল্পীকে যেভাবে অপমান ও আতঙ্কের মুখোমুখি হতে হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিনি।  

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ঘটনাটির সুষ্ঠু বিচার দাবি করেন এই অভিনেত্রী।

পোস্টে সাফা কবির লিখেছেন, ‘আমি ভীষণভাবে মর্মাহত, ক্ষুব্ধ এবং লজ্জিত। আজমেরী হক বাঁধন আপু ও তার পরিবারকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো শিল্পীরই এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া উচিত নয়। একজন শিল্পী যখন দেশের বাইরে একটি চলচ্চিত্র উৎসবে নিজের চলচ্চিত্র ও নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে যান, তখন তার প্রাপ্য হওয়া উচিত সম্মান ও নিরাপত্তা, অপমান, হয়রানি বা আতঙ্ক নয়।’

তিনি লেখেন, ‘দুঃখজনকভাবে, আমাদের দেশের শিল্পীদের বারবার কোনো না কোনোভাবে রাজনীতির জঘন্য টানাপোড়েনের মধ্যে টেনে আনা হয়। শিল্পী সত্য, ন্যায় ও মানুষের কথা বলবেন এটাই তো শিল্পীর স্বাধীনতা। কিন্তু সেই কণ্ঠের জন্য কেন তাকে বারবার মূল্য দিতে হবে?’

আন্তর্জাতিক অঙ্গনে পুরো দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার বিষয়টি মনে করিয়ে দিয়ে তিনি প্রশ্ন রাখেন, ‘আরও কষ্ট হয় যখন কিছু মানুষের আচরণের কারণে পুরো জাতিকে বিচার করা হয়, আমাদের হিংস্র, উগ্র কিংবা অসভ্য হিসেবে পরিচিত হতে হয়। কিছু মানুষের কাজের দায় কেন একটি পুরো দেশের মানুষ বহন করবে? কেন সাধারণ বাংলাদেশিদের তার মূল্য দিতে হবে, দেশের বাইরে সম্মান থেকে শুরু করে ভিসা কিংবা চলাচলের ক্ষেত্রেও?’

ঘটনাটি সাময়িক আলোচনার পর যেন ঢাকা পড়ে না যায় সে বিষয়ে সোচ্চার হয়ে তিনি যোগ করেন, ‘বাঁধন আপুর সঙ্গে যা ঘটেছে, তাতে আমি গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। আমি চাই, এই ঘটনার সুষ্ঠু বিচার হোক এবং তিনি ন্যায়বিচার পান। তবে একই সঙ্গে ভয়ও হয় এই ঘটনাটিও কি কয়েক দিনের খবর হয়ে থাকবে? কিছু আলোচনা, কিছু প্রতিবাদ, কিছু সংবাদ তারপর নতুন কোনো ঘটনার নিচে চাপা পড়ে যাবে? আমরা যেন ভুলে না যাই। কারণ একজন শিল্পীর নিরাপত্তা, সম্মান এবং স্বাধীনতার প্রশ্ন শুধু একজন শিল্পীর নয়—এটি আমাদের সমাজ, আমাদের দেশ এবং আমাদের পরিচয়েরও প্রশ্ন। একজন শিল্পীর কণ্ঠ, সম্মান ও নিরাপত্তা কখনোই রাজনীতির মূল্য হওয়া উচিত নয়।’
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি