৪ মে ২০২৬

শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারিয়ে ব্রাজিলের জয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারিয়ে ব্রাজিলের জয়
বাংলাপ্রেস ডেস্ক: পুরো ম্যাচটাই নাটকীয়তায় ভরা। শুরুতেই ধারার বিপরীতে গোল হজম করে ফেলা, কলম্বিয়ার পুরোপুরি ডিফেন্সিভ হয়ে যাওয়া, নেইমারের সহজ সুযোগ মিস, এরপর রেফারির বদান্যতায় ব্রাজিলের সমতায় ফেরা এবং ইনজুরি টাইম হিসেবে ১০ মিনিট দেওয়া- নাটক আর উত্তেজনার কোনো কমতি ছিল না এই ম্যাচে। তবে শেষ পর্যন্ত জয় হলো ব্রাজিলেরই। প্রথমার্ধের গোলে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। পিছিয়ে ছিল ম্যাচের একটা বড় সময় পর্যন্ত। কিন্তু শেষের ঝলকে ঠিকই ২-১ গোলের জয় তুলে নিল সেলেসাওরা। তবে ব্রাজিলের এই জয়ে মিশে আছে বিতর্কের কালিমা। ৭৮ মিনিটে সেলেসাওরা ফিরেছিল সমতায়। রেনান লোডির দারুণ এক ক্রস থেকে গোলটা করেছিলেন রবার্তো ফিরমিনো। কিন্তু ঝামেলা যা বাধার বেধেছিল বিল্ড আপ নিয়ে। নেইমারের বাড়ানো বলটা লেগেছিল ম্যাচের আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানার গায়ে। সাধারণত এমন পরিস্থিতিতে খেলা থামিয়ে আবারও শুরু করা হয়। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলীয় খেলোয়াড়রা সেটা হতে দেননি, খেলা চালিয়ে গেছেন, সেখান থেকেই এসেছে সমতার গোলটা। এরপর কলম্বিয়ার খেলোয়াড়রা অনেকক্ষণ ধরে আবেদন করলেও গোলের সিদ্ধান্ত আর বদলাননি আর্জেন্টাইন রেফারি। এর আগে প্রথমার্ধে পাঁচ পরিবর্তন নিয়ে খেলতে নামা ব্রাজিল পিছিয়ে পড়েছিল ম্যাচের ১০ মিনিটেই। ব্রাজিল বক্সে জটলার ভেতরেই ক্রস করে বসেন হুয়ান কুয়াদ্রাদো, লুইস দিয়াজ গোল করেন দারুণ এক ভলি থেকে। সে গোলের পরই অনেকটা রক্ষণাত্মক হয়ে গিয়েছিল কলম্বিয়া। ফলে নেইমার, রিশার্লিসন, গ্যাব্রিয়েল জেসুসদের পক্ষে আক্রমণে ওঠাটাই দুষ্কর হয়ে পড়েছিল। প্রথমার্ধ বিরতির আগে এ পরিস্থিতিতে আর পরিবর্তন আসেনি, ফলে এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। গোলের জন্য মরিয়া ব্রাজিল বিরতির পরই আক্রমণ শানাতে থাকে। ৬২ মিনিটে তার ফলটা প্রায় পেয়েই গিয়েছিল দলটি। সতীর্থের বাড়ানো বল বক্সে পেয়ে নেইমার কাটিয়ে গিয়েছিলেন গোলরক্ষককেও। কিন্তু তার শটটা আটকে দেয় গোলপোস্ট, ফলে সে যাত্রায় আর সমতা ফেরেনি খেলায়। এরপর ৭৮ মিনিটে আসে সেই বিতর্কিত মুহূর্ত। ব্রাজিল সমতা ফেরায় ম্যাচে। সে গোলের পর কলম্বিয়ার ফুটবলারদের সঙ্গে রেফারির কথা কাটাকাটিতে সময় চলে যায় প্রায় ছয় মিনিটের মতো। সেটাই অতিরিক্ত সময় দিয়ে পুষিয়ে দেন রেফারি। নির্ধারিত ৯০ মিনিট পর আরও ১০ মিনিট দেওয়া হয় ইনজুরি সময়। তার শেষ মিনিটেই দেখা মিলল নেইমার ম্যাজিকের। ডান পাশে পাওয়া কর্নার থেকে দারুণ এক বল বাড়িয়েছিলেন কাছের পোস্টে। তাতে ক্যাসেমিরোর দারুণ এক হেডার গিয়ে আছড়ে পড়ে কলম্বিয়ার জালে। শেষ মুহূর্তের এই গোল দারুণ এক জয় এনে দেয় ব্রাজিলকে। এই জয়ে গ্রুপ ‘বি’তে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন ব্রাজিল। এরই মধ্যে তিনটিতেই জয় পেয়েছে তারা, পয়েন্ট ৯। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলম্বিয়া। এরই মধ্যে তারা নিজেদের সব ম্যাচ খেলে ফেলেছে। পরের রাউন্ডে যাওয়ার জন্য এখন তাদের অন্য ম্যাচগুলোর দিকেই তাকিয়ে থাকতে হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি