৬ মে ২০২৬

শেখ হাসিনার রায় ঘিরে রংপুরে নিরাপত্তা জোরদার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১১:৪০ পিএম
শেখ হাসিনার রায় ঘিরে রংপুরে নিরাপত্তা জোরদার

বাংলাপ্রেস ডেস্ক:    জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ রংপুরে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এবং শেখ হাসিনার রায় ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে সামনে রেখে রংপুর মহানগরীতে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিরাপত্তা ব্যবস্থা মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল পর্যন্ত অব্যাহত থাকবে।

রোববার (১৩ নভেম্বর) সন্ধ্যা থেকেই পার্কের মোড় শহীদ আবু সাঈদ চত্বর, টাউন হলের সামনে জুলাই স্মৃতি স্তম্ভ, মর্ডান মোড়, দমদমা, মাহিগঞ্জ, সাতমাথা, সাহেবগঞ্জ, সিগারেট কোম্পানি, দখিগঞ্জ, আমতলী, বুড়িরহাট, হাজিরহাট, সিও বাজার, মেডিকেল মোড়, দর্শনা, নজীরের হাট, লাহিরির হাট, টার্মিনাল, বড়বাড়ি, বিনোদপুরসহ নগরীর মোট ৩৭টি ছোট-বড় প্রবেশমুখে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্দেহজনক মনে হলে অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল, বাস, ট্রাক ও প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, যেকোনো ধরনের নাটকতা বা বিশৃঙ্খলার চেষ্টা করা হলে তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে প্রস্তুত। নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী নিজেই বিভিন্ন চেকপোস্ট ঘুরে পরিস্থিতি তদারকি করছেন।

রাত সোয়া বারোটায় শহীদ আবু সাঈদ চত্বরের জুলাই স্মৃতিস্তম্ভের পাশে তল্লাশি কার্যক্রম পর্যবেক্ষণ করেন মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ। তিনি বলেন, যাদের সন্দেহ হচ্ছে তাদের দ্রুত তল্লাশি করা হচ্ছে। এটি আতঙ্ক বা হয়রানি সৃষ্টির জন্য নয়; বরং নগরবাসীকে আশ্বস্ত করতেই এই তল্লাশি চলছে। তিনি আরও জানান, কোনো ধরনের নাশকতা প্রশ্রয় পাবে না এবং নাশকতার চেষ্টা হলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, নগরীর ৩৭টি প্রবেশমুখে টহল বাড়ানো হয়েছে, পাশাপাশি অলিগলি ও নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে সাদা পোশাকের পুলিশ মোতায়েন রয়েছে। কেউ নাশকতা করার চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। ভোর থেকে নিরাপত্তা আরও বাড়ানো হবে বলেও তিনি জানান। তবে নাগরিকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। 

মহানগরীর পাশাপাশি জেলা ও রংপুর বিভাগের আট জেলাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ও ডিআইজি।

রংপুর জেলা পুলিশ সুপার আবু সায়েম জানান, জেলার আট উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাশকতার চেষ্টা করা হলে কঠোরভাবে দমন করা হবে।

রংপুর রেঞ্জের ডিআইজি মুহাম্মদ আমিনুল ইসলাম জানান, বিভাগের গুরুত্বপূর্ণ স্থাপনা ও পয়েন্টগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কোথাও আতঙ্কের কারণ নেই।

আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি, জামায়াত, ছাত্রশিবির, ছাত্রদল, এনসিপি, জাতীয় ছাত্র শক্তি, গণ অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদসহ ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক সংগঠন মাঠে থেকে আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা মোকাবেলার ঘোষণা দিয়েছে।

বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, জামায়াতে ইসলামের রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান বেলাল, গণ অধিকার পরিষদের রংপুর বিভাগীয় সমন্বয়ক হানিফ খান সজীব জানিয়েছেন—তাদের সংগঠনের নেতাকর্মীরা ভোর থেকেই মাঠে থাকবে এবং সন্ত্রাসী আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করবে। তবে কোনো নেতাকর্মীকে আইন নিজের হাতে তুলে না নিয়ে নাশকতাকারীদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

রাত ১টা পর্যন্ত রংপুরে আওয়ামী লীগের কোনো তৎপরতা দেখা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন নেতাকর্মী লকডাউন পালনের আহ্বান জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমও কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি