
বাংলাপ্রেস ডেস্ক: বাঁধ মেরামত পরিদর্শন করতে গিয়ে জনতার ক্ষোভের মুখে পড়লেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান। উত্তেজিত জনতার তাড়া খেয়ে ট্রলার নিয়ে পালাতে হয় তাঁকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া এলাকায় কপোতাক্ষ নদের ভেঙে যাওয়া বাঁধ স্বেচ্ছাশ্রমে মেরামত করছিলেন স্থানীয়রা। এ সময় ট্রলার নিয়ে সেখানে যান এমপি মো. আক্তারুজ্জামান। তাঁকে দেখেই ক্ষেপে ওঠে বাঁধ মেরামতের কাজ করা জনতা। সংসদ সদস্যকে লক্ষ্য করে তারা কাদা ছুঁড়তে থাকেন। ট্রলার থেকে হ্যান্ড মাইকে উত্তেজিত জনতাকে শান্ত হওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু তাতেও কাদা ছোঁড়া বন্ধ না হলে ট্রলার নিয়ে পিছু হটেন সংসদ সদস্য। এক পর্যায়ে পরিস্থিতি শান্ত হলে পুনরায় সেখানে ফিরে আসেন সাংসদ মো. আক্তারুজ্জামান।
সাংসদ মো. আক্তারুজ্জামান অবশ্য তাঁর ট্রলারে কাদা ছোঁড়ার বিষয়টি গণমাধ্যমের কাছে অস্বীকার করেছেন। তিনি জানান, টেকসই বেড়িবাঁধ চান স্থানীয় মানুষ। প্রতিবছর ভাঙনে তাঁরা ক্ষতিগ্রস্ত হন। কয়েক হাজার মানুষ ভাঙন এলাকায় কাজ করছিলেন। সেখানে গেলে তাকে দেখে মানুষ ক্ষোভ প্রকাশ করে টেকসই বেড়িবাঁধের দাবিতে বিক্ষোভ করেছেন।
তাঁদের ওই দাবি যৌক্তিক উল্লেখ করে সাংসদ জানান, বারবার বাঁধ ভাঙে আর বারবার স্বেচ্ছাশ্রমে তাদের কাজ করতে হয়। এই কারণে সংসদ সদস্যের ওপর তাদের ক্ষোভও বেশি। পরে ওই এলাকায় নেমে সাধারণ মানুষের সংগে বাঁধের কাজ করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে সংসদ সদস্যের ট্রলারে বিক্ষুব্ধ জনতার কাঁদা ছোঁড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বাঁধের কাছে ট্রলারটি ভেড়ার সংগে সংগে সেটি লক্ষ্য করে বৃষ্টির মতো কাদা ছুঁড়তে থাকেন স্থানীয় জনতা। এ সময় ট্রলারটি পিছু হটে এবং মাইকে উত্তেজিত জনতাকে হওয়ার জন্য বারবার অনুরোধ করা হয়।
বিপি২৪/ আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]