সাজা পাচ্ছেন নারী সাংবাদিককে চুমু খাওয়া সেই ব্যক্তি

বিদেশ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নারী সাংবাদিককে চুমু খাওয়ার অভিযোগে শাস্তি পেতে যাচ্ছেন এরিক গুডম্যান নামের এক ব্যক্তি। সেই সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে তার তিন মাসের জেল হতে পারে।
এনডিটিভি জানায়, গত ২০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ‘ওয়েভ ৩ নিউজ’ চ্যানেলের সাংবাদিক সারা রিভেস্ট একটি সংগীত উৎসবের খবর সরাসরি জানাচ্ছিলেন। রাস্তার পাশ থেকে তিনি স্টুডিওতে যোগ দেন। সেই সময় কালো চশমা পরা এরিক সারার পেছনে গিয়ে নানান অঙ্গভঙ্গি করেন।
এরিক পরে ক্যামেরার ফ্রেম থেকে সরে গেলেও সারাকে বিরক্ত করার চেষ্টা করছিলেন। সেসময় সারা একবার তার দিকে তাকিয়ে আবার লাইভে মনযোগ দেন। কিন্তু এরপরই ঘটে অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা।
হঠাৎ করে ক্যামেরার ফ্রেমে ঢুকে এরিক সারার গালে চুমু দেন। সারা নিজেকে সরিয়ে নিয়ে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রেখে কথা বলতে থাকেন। পরে এই ঘটনার ভিডিও সারা নিজেই টুইটারে দিয়েছেন, যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সারা ঘটনার সময় হাস্যোজ্জ্বল থাকলেও পরে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ভিডিও দেখে ৪২ বছরের এরিক গুডম্যানকে সনাক্ত করে পুলিশ।
পুলিশ হেফাজতে থাকা এরিক অবশ্য নিজের ভুল বুঝতে পেরে চিঠি লিখেছেন সারার কাছে। এই কাজ করা উচিত হয়নি বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি। সারা টেলিভিশনে এই চিঠি পড়েও শুনিয়েছেন সবাইকে। এ বিষয়ে সারা বলেন, গুডম্যান হয়তো মন থেকেই এগুলো লিখেছেন। কিন্তু তিনি এটাও মনে করেন যে এ অপরাধে তার তিন মাসের জেল বা অর্থদণ্ড হওয়া উচিত। শুধু নারী সাংবাদিক না পুরুষ সাংবাদিকদের সঙ্গেও যে এমনটি ঘটে সারা সে কথাও বলেছেন। তবে নারীদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে বলে যোগ করেন তিনি।
তবে গত বৃহস্পতিবার পর্যন্ত জেফারসন কাউন্টি অ্যাটর্নি অফিস ঘটনা তদন্তের বিষয়টি আমলে নেয়নি। গুডম্যানের জেল হবে কিনা সে বিষয়ে সারাও সন্দেহ প্রকাশ করেছেন। সারার টেলিভিশন চ্যানেল ‘ওয়েভ ৩ নিউজ’ নিউজ জানিয়েছে, নভেম্বরে গুডম্যানের মামলার তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি