র্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাবের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে তিনি জানান, বিগত ১৭ বছরে আইনের শাসনের অভাবে সলিমপুর এলাকাটি একটি স্বাধীন রাষ্ট্রের মতো পরিস্থিতি তৈরি করেছিল।
সরকারি বাহিনীর ওপর এ ধরনের হামলা কোনোভাবেই বরদাশত করা হবে না।আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
রোববার দিবাগত রাত দুইটার দিকে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় র্যাবের ক্যাম্পে অতর্কিতে হামলা চালায় ইয়াসিন বাহিনীর সন্ত্রাসীরা। তারা ক্যাম্পের দেয়াল ও অবকাঠামো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় এবং অভিযানের পথ বন্ধ করতে তিনটি স্থানে রাস্তা কেটে ফেলে। প্রতিবন্ধকতা সত্ত্বেও র্যাব সদস্যরা অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে।
ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেছেন। তিনি জানিয়েছেন, সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার বদ্ধপরিকর। সলিমপুরের ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে বলে জানান তিনি।পুরো বিষয়টি এখন কেন্দ্রীয় নজরদারিতে রয়েছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন