রাজনীতির মাঠে পা দিয়ে ঋণে জর্জরিত সায়নী ঘোষ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দানে পা রেখেই নজর কেড়েছেন সায়নী ঘোষ। তৃণমূল হোক কিংবা বিজেপি- শাসক, বিরোধী কোনও দলেই তারকা প্রার্থীর ঘাটতি নেই। কিন্তু সকলের মধ্যেই ভোট প্রচারে নিজেকে অনন্যা করে তুলতে পেরেছেন সায়নী। কখনও প্রার্থীদের কাছে ছুটে পৌঁছেছেন তো কখনও কয়লা খাদানের অন্দরে ঢুকে পড়েছেন নির্ভয়ে। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে হারানোই পাখির চোখ জনপ্রিয় এই অভিনেত্রীর। প্রচারের পালা শেষ হয়েছে। ২৬ এপ্রিল বাক্সবন্দি হতে চলেছে তাঁর ভাগ্য। আর তার আগে হলফনামায় আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী জানালেন তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব।
নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামা অনুযায়ী ২০১৯-২০ অর্থবর্ষে সায়নীর আয় ছিল ৪৯ লক্ষ ২ হাজার ৫৬৮ টাকা ৩২ পয়সা। বর্তমানে তাঁর হাতে আছে ৩২ হাজার ৭৭৫ টাকা। পাশাপাশি বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে অভিনেত্রীর নামে রয়েছে ১০ লক্ষ ৩৩ হাজার ৮২৫ টাকা ৮ পয়সা। মোট ৮ লক্ষ ৫২ হাজার ৩৭৬ টাকার জীবনবিমা আছে সায়নীর। তবে শেয়ার বাজারে কোনও বিনিয়োগ করেননি তিনি।
যাদবপুরে একটি বহুতল ফ্ল্যাটের বাসিন্দা সায়নী। ২০১৫ সালে ৬৭০ বর্গফুটের ওই ফ্ল্যাটটি কিনেছিলেন ২৪ লক্ষ ১ হাজার টাকায়। বর্তমানে এটির বাজারদর প্রায় ৩৪ লক্ষ টাকা। তবে কোনও কৃষিজমি তাঁর নামে নথিভুক্ত নেই। বছর চারেক আগে, ২০১৭-য় ৬ লক্ষ ৭৭ হাজার ৩৬৯ টাকার বিনিময়ে একটি হন্ডা জ্যাজ গাড়ি কিনেছিলেন তিনি। গাড়ি ও বাড়ি মিলিয়ে ৬৪ লক্ষ ৪৫ হাজার ৫৫৬ টাকা ৫২ পয়সার ঋণ শোধ করে চলেছেন সায়নী। ব্যাংকের বাইরেও কিছু ঋণ রয়েছে। সব মিলিয়ে মোট ৮৩ লক্ষ ৮২ হাজার ৭৫১ টাকা ৫২ পয়সার ঋণের বোঝা তারকা প্রার্থীর মাথায়।
এছাড়া তাঁর কাছে আছে ৪ গ্রাম সোনা। যার মূল্য ২৩ হাজার ১১২ টাকা। আয়ের উৎস হিসেবে অভিনয়ের পারিশ্রমিক এবং বিজ্ঞাপনকেই হলফনামায় তুলে ধরেছেনে সায়নী। এদিকে, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে হলফনামা বলছে, ২০১১ সালে দ্বাদশ শ্রেণি পাশ করেছেন সায়নী।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি