রাজধানীতে ২৪ ঘণ্টায় তিন বাসে আগুন
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীতে ২৪ ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি যাত্রীবাহী বাস এবং একটি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিত্যক্ত স্টাফ বাস। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচা, বারিধারা ও বাড্ডার নতুন বাজার এলাকায় এসব ঘটনা ঘটে। পৃথক ঘটনায় কেউ হতাহত না হলেও দুটি যাত্রীবাহী বাস আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।
বারিধারায় বাসে অগ্নিসংযোগ
শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজধানীর বারিধারার প্রগতি সরণির ‘জে’ ব্লক এলাকায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। বাসটি সাভার–নতুন বাজার রুটে চলাচল করে।
ভাটারা থানা পুলিশ সূত্র জানায়, বাসটি বারিধারা এলাকায় যাত্রী নামানোর কিছু সময় পর দুই থেকে তিনজন দুর্বৃত্ত আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা নিরাপদে বের হয়ে যান। ফলে কেউ হতাহত হননি।
পুলিশ জানায়, ঘটনার কাছাকাছি এলাকার সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ফুটেজ পাওয়া যায়নি। আশপাশের এলাকার ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাসটি সরিয়ে নিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক ও সহকারীকে থানায় নেওয়া হয়েছে। বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
নতুন বাজারে আরেক বাসে আগুন
এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় কোকা-কোলা গেটের বিপরীত পাশে বৈশাখী পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, বাসটি ঘোরানোর সময় কয়েকজন এসে আগুন লাগিয়ে পালিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড্ডা কোকা-কোলা গেটের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিলেন না।
সেগুনবাগিচায় এনবিআরের বাসে আগুন
শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে এনবিআরের একটি পরিত্যক্ত স্টাফ বাসে আগুন লাগে। তবে কার্যালয়ের কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় তা ছড়িয়ে পড়তে পারেনি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফেলে দেওয়া সিগারেটের অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা জানতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।
২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীর তিনটি পৃথক স্থানে বাসে আগুনের ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শিক্ষা সফরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল বাস, নিহত ২
সঙ্গীত একাডেমি