৯ নভেম্বর ২০২৬

পর্যাপ্ত প্রস্তুতির অভাব, তবু দক্ষিণ আফ্রিকা সিরিজে আত্মবিশ্বাসী অধিনায়ক শান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ এএম
পর্যাপ্ত প্রস্তুতির অভাব, তবু দক্ষিণ আফ্রিকা সিরিজে আত্মবিশ্বাসী অধিনায়ক শান্ত

বাংলাপ্রেস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজ হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এবার সামনে দক্ষিণ আফ্রিকা সফরের চ্যালেঞ্জ। আগামীকালই প্রোটিয়াদের দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। সেখানে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে টাইগাররা। তবে এই সিরিজের আগে প্রস্তুতির খুব বেশি সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। এক-দুই দিনের অনুশীলন করেই মাঠে নামতে হবে শান্তদের।

সূচি অনুযায়ী, আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ থেকে ২৭ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট।

দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে নিজেদের প্রস্তুতির সীমাবদ্ধতার কথা সোমবার সিলেটে অকপটেই স্বীকার করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, সফরের আগে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ নেই। তাই মানসিকভাবে যতটা সম্ভব প্রস্তুত হওয়াই এখন মূল লক্ষ্য।

শান্ত বলেন, ‘দক্ষিণ আফ্রিকার জন্য প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ নেই। মেন্টালি যতটুকু সম্ভব প্রস্তুত হতে হবে। এক-দুই দিন হয়তো অনুশীলনের সুযোগ থাকবে। আমি বিশ্বাস করি, ওখানেও আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তারাও ভালো দল। তবে আমাদের যে বোলিং ইউনিট আছে, আমরা যদি সেখানে নিজেদের সেরাটা দিতে পারি, ইনশাআল্লাহ ভালোভাবে সিরিজ শেষ করতে পারব।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হতাশাজনক সিরিজের পর দক্ষিণ আফ্রিকার মাটিতে ঘুরে দাঁড়ানোই এখন বাংলাদেশের বড় চ্যালেঞ্জ। বিশেষ করে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং স্বাগতিকদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার কঠিন পরীক্ষায় নামতে হবে দলকে।

এদিকে দক্ষিণ আফ্রিকা সফরের দলে জায়গা হয়নি মাহমুদুল হাসান জয়ের। তার পরিবর্তে টপ অর্ডারে ডানহাতি ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন মাহফিজুল ইসলাম রবিন। নতুন এই ক্রিকেটারকে নিয়ে আশাবাদী শান্ত। অধিনায়কের মতে, ঘরোয়া ক্রিকেটে নিজের পারফরম্যান্স দিয়েই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন রবিন।

শান্ত বলেন, ‘রবিন আমার মনে হয় প্রমাণ করে এসেছে। এ বছর এনসিএলে এবং এর আগেও যেভাবে ভালো করছিল, আমার মনে হয় ভালো করবে। ডানহাতি ব্যাটার হিসেবে একটা অপশনও বাড়ছে। ওর সুযোগ এলে ভালো করবে।’

টানা ক্রিকেটের ব্যস্ত সূচি, একের পর এক সিরিজ এবং খেলোয়াড়দের চোট সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের ধকল নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সিরিজের আগে ক্রিকেটারদের বিশ্রাম ও ফিটনেস ব্যবস্থাপনায় আরও সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা সামনে এসেছে। বিষয়টি এবার স্বীকার করলেন শান্তও।

শান্ত বলেন, ‘এই জায়গাটাতে আমাদের আরেকটু ভালো পরিকল্পনা করতে হবে সামনের দিকে। কারণ এখন যেভাবে ব্যাক টু ব্যাক খেলা হচ্ছে, আমাদের আরও ভালো পরিকল্পনা করে সিরিজগুলো খেলতে হবে। কোন সিরিজে কোন খেলোয়াড় খেলবে, কতটুকু খেলবে, এই বিষয়গুলো আমাদের আস্তে আস্তে করতে হবে এবং শিখতেও হবে।’

‘যদিও অনেক সময় দেখা যায়, ব্যাকআপ অপশনে ওই রকম খেলোয়াড় থাকে না। কখনো কখনো আমরা এই ধরনের সমস্যায় পড়ি। তবে যেভাবে আমাদের খেলা চলছে, এই জায়গায় ভবিষ্যতে আরও ভালো পরিকল্পনা করে এগোলে প্রত্যেকটা সিরিজের আগে প্রস্তুতিটা আরও ভালোভাবে নিতে পারব।’ – যোগ করেন তিনি।

ব্যস্ত আন্তর্জাতিক সূচিতে ক্রিকেটারদের ফিট রাখা এবং গুরুত্বপূর্ণ সিরিজের আগে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ নিশ্চিত করা এখন বাংলাদেশ দলের জন্য বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা সফর বাংলাদেশের জন্য বড় পরীক্ষা। তবে সীমিত প্রস্তুতি নিয়েও প্রোটিয়াদের মাটিতে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় শান্ত অ্যান্ড কোংয়ের।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি