প্রসেনজিতের আয় খুকু আয়...
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক:এক টানা ১৪ ঘণ্টার শ্যুটিং। ভারী প্রস্থেটিক রূপটানে নিজের ভোল বদলে নেওয়া। এ ভাবেই রবিবার থেকে রাতভর শ্যুট করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-দিতিপ্রিয়া রায়। শেষ করলেন শৌভিক কুণ্ডুর নতুন ছবি ‘আয় খুকু আয়’-এর শ্যুট। তার পরেও রূপটান না তুলেই পুরো দলের সঙ্গে ছবি তুলেছেন বুম্বাদা।
মঙ্গলবার সেই ছবি ভাগ করে নিয়েছেন। এই ছবিতে বাবা-মেয়ের গল্প জায়গা করে নিয়েছে।
শ্যুট শেষ কোন দৃশ্য দিয়ে? মঙ্গলবার শৌভিক বলেছেন, ‘‘বাবা-মেয়ের গানের দৃশ্যের মন্তাজ দিয়েই শ্যুট শেষ হল আমাদের। পার্পল মুভি স্টুডিয়োয় সেট তৈরি হয়েছিল। সেখানেই আমরা সবাই ছিলাম ১৪ ঘণ্টা।’’ অভিনেতা জিৎ এই ছবির প্রযোজক।
এ দিনও বুম্বাদার পরনে গোলাপি-সাদা চেক শার্ট। রংচটা ধুতি। সবুজ সালোয়ার-কামিজে দিতিপ্রিয়া। প্রসেনজিতের মাথার সামনে চুল নেই। গালে অগোছালো কাঁচা-পাকা দাড়ি। দিতিপ্রিয়ার মাথায় মাঝে সিঁথি করে চুল পেতে আঁচড়ানো। ছবিতে টলিউডের ‘ইন্ডাস্ট্রি’র দ্বৈত চরিত্র। পরিচালকের দাবি, চরিত্রের মতোই বুম্বাদাকে একেবারে অন্য পেশায় দেখা যাবে। এই পেশায় অভিনয় করতেও তাঁকে এর আগে কেউ দেখেননি। চিত্রনাট্য অনুযায়ী, একাধিক বয়স ছুঁয়ে যাবেন বু্ম্বাদা। তার জন্য প্রস্থেটিক রূপটান প্রয়োজন। সেই দায়িত্বে রূপটানশিল্পী সোমনাথ কুণ্ডু। শ্যুট শেষ করে বুম্বাদা তাঁকেও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি