৮ মে ২০২৬

প্রধান উপদেষ্টার দেওয়া সময়ের মধ্যেই নির্বাচন হবে: কুমিল্লায় শফিকুল আলম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
প্রধান উপদেষ্টার দেওয়া সময়ের মধ্যেই নির্বাচন হবে: কুমিল্লায় শফিকুল আলম
  বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নির্বাচনের জন্য যে সময়সীমা নির্ধারণ করেছেন, সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে এবং নির্বাচন এক দিনও পেছাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত আন্তর্জাতিক ইভেন্টে (টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি) অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। কুমিল্লার কোটবাড়ীতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যে সময়ের ভেতরে নির্বাচন হওয়ার কথা বলেছেন, ঠিক সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে। নির্বাচন নির্ধারিত সময়ের চেয়ে এক দিনও পেছাবে না। আপনারা দেখবেন অত্যন্ত সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ একটা নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসে সেরা একটি নির্বাচন উপহার দেবে বর্তমান সরকার। অধ্যাপক ইউনূস বারবার বলেছেন, নির্বাচন নিয়ে কোনো প্রকার অনিশ্চয়তা নেই। নির্বাচন ভালো হবে, নির্বাচনের পরিবেশ ঠিক করা হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। আগামী নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ থাকবে। কেউ যেন বলতে না পারেন, তাঁর প্রতি অন্যায় করা হয়েছে। পিআর পদ্ধতি নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। অন্যান্য দেশে এসব বিষয়ে সিদ্ধান্ত হতে অনেক সময় তিন-চার বছর সময় লেগে যায়। কিন্তু আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর বিচক্ষণতার কারণে এরই মধ্যে অনেক বিষয়ের সিদ্ধান্ত ঐকমত্যে পৌঁছা সম্ভব হয়েছে। মোট আটটি বিষয়ের সিদ্ধান্তে ঐকমত্য এসেছে, সাতটি বিষয়ে আলোচনা চলছে আর তিনটি বিষয়ে এখনো সে রকম কথা হয়নি। আমরা বিশ্বাস করি প্রতিটি বিষয়ে ভালো সিদ্ধান্ত আসবে।’ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শফিকুল আলম বলেন, ‘সরকার চেষ্টা করছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। প্রতিটি ঘটনার পরেই দেখবেন আমাদের ভালো রেজাল্ট আছে। কেউ বলতে পারেননি এমন একটি ঘটনা ঘটেছে যে অপরাধীকে ধরা হয়নি। প্রতিটি ঘটনার ক্ষেত্রেই অপরাধী আইনের আওতায় এসেছে এবং আমরা খুব দ্রুত কাজ করছি। বিশেষ করে ধর্ষণের মতো স্পর্শকাতর ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা দ্রুত বিচারের ব্যবস্থা করছি।’ গোপালগঞ্জকে আলাদা করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘গোপালগঞ্জের মানুষ বাংলাদেশের মানুষ। দেশের সব জেলার সবাই একই মানুষ, কারও প্রতি এই সরকার বৈষম্য করে না। তাই গোপালগঞ্জকে আলাদা করার কোনো সিদ্ধান্তই সরকারের নেই। দেশের সব মানুষের প্রতি এই সরকার একই নজরে সুবিচার করছে।’ ৫ আগস্ট জুলাই সনদ ঘোষণা নিয়ে শফিকুল আলম বলেন, ‘আমরা এখনো বলতে পারছি না ৫ আগস্ট জুলাই সনদ ঘোষণা হবে কি না, তবে আমরা চেষ্টা করছি। অন্যান্য দেশে এসব পলিটিক্যাল সেটেলমেন্ট কয়েক বছর সময় লেগে যায়। সেখানে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এ নিয়ে প্রায় প্রতিদিনই বসছে। সবাই এ বিষয়ে কথাবার্তা বলছেন। যেসব বিষয়ে এখনো সবাই ঐকমত্যে পৌঁছাতে পারেনি, সেগুলোতে সবাইকে ঐকমত্যে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা বিশ্বাস করি, সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই জুলাই সনদ ঘোষণা হবে।’ সমাজ, বিজ্ঞান, প্রযুক্তি, সাংবাদিকতা, সংগীত, উদ্যোক্তাসহ বিভিন্ন খাতের ১১ বক্তা এই আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্মে তাঁদের জীবন অভিজ্ঞতা, চিন্তাভাবনা ও অনুপ্রেরণার গল্প তুলে ধরেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘দ্য নেক্সট ওয়েভ’; যার অর্থ হচ্ছে পরবর্তী সম্ভাবনার তরঙ্গ নিয়ে ভাবনার দিকনির্দেশনা। অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হায়দার আলী, সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ, অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাওলিন প্রমুখ। আয়োজকেরা জানান, টেডএক্স হলো টেড অনুমোদিত একটি প্ল্যাটফর্ম, যার মূলমন্ত্র হচ্ছে ‘আইডিয়াস চেঞ্জ এভরিথিং’। আর টেড হলো আমেরিকাভিত্তিক একটি অলাভজনক মিডিয়া অর্গানাইজেশন, যেটি আন্তর্জাতিকভাবে বিভিন্ন ইভেন্ট বা কনফারেন্সের আয়োজন করে বিশ্বের বিখ্যাত ও ভিন্নধর্মী কাজে যুক্ত এমন ব্যক্তিদের সেখানে আমন্ত্রণ জানায়। আমন্ত্রিত ব্যক্তিরা তাঁদের অভিজ্ঞতা, উদ্ভাবনী ধারণা ও কৌশল এবং সমাজের বিভিন্ন ইতিবাচক বিষয় নিয়ে ১৮ মিনিট করে এখানে কথা বলেন। এর আগে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর কুমিল্লা ইউনিভার্সিটিতে টেডএক্সের প্রথম ইভেন্টের আয়োজন করা হয়েছিল। ওই বছর ১৭ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় টেডএক্সের ইভেন্ট আয়োজনের অনুমতি পায়। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি