হামলার আগে ছাত্রলীগ নেতার হুমকি ছিল: সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম
বাংলাপ্রেস ডেস্ক: কুষ্টিয়ায় নিজের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেছেন, ভয় দেখিয়ে বা কষ্ট দিয়ে তাদের দমিয়ে রাখা যাবে না। হামলার আগে স্প্যাম নম্বর থেকে একাধিকবার হুমকি ফোন পাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নুসরাত তাবাসসুম বলেন, গত ২৮ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে একটি স্প্যাম নম্বর থেকে তার কাছে হুমকি ফোন আসে। এর আগেও তিনি বেশ কয়েকটি হুমকি ফোন পেয়েছেন। গত মঙ্গলবার পুরো ঘটনা জানিয়ে ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। জিডি করার পরও তাকে হুমকি দেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন, গতকাল তার বাড়িতে হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়। তার ভাষায়, সেটি ছিল একটি হুমকিমূলক পোস্ট।
বাড়িতে আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে নুসরাত তাবাসসুম বলেন, সিসিটিভি ফুটেজ অনুযায়ী, রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে তার বাড়িতে পরপর চারটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধরন ও প্রকৃতি দেখে পেট্রোল বোমা হামলা বলে মনে হচ্ছে। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ বলে নিশ্চিত করে কিছু বলতে চাননি তিনি।
পুলিশকে খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর তারা ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, পুলিশ যতটুকু সম্ভব পাহারা দিয়েছে। তবে ঘটনার প্রায় ১২ ঘণ্টা পার হলেও আলামত সংগ্রহ করা হয়নি। দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে দেরি হয়। ততক্ষণে তার বাড়ির প্রায় সবকিছু পুড়ে যায়।
বাড়িটিকে পরিত্যক্ত বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি মূলধারার গণমাধ্যমে প্রচারেরও প্রতিবাদ জানান তিনি। নুসরাত তাবাসসুম বলেন, বাড়িটি পরিত্যক্ত নয়। সেখানে একটি অসহায় পরিবার থাকত, যারা প্রায় পাঁচ-ছয় বছর ধরে তাদের সঙ্গে রয়েছে। ওই পরিবারটি তাদের পরিবারেরই অংশ হয়ে গেছে এবং বাড়িটির দেখাশোনা করত।
তিনি বলেন, এই বাড়িতেই তিনি বড় হয়েছেন। তার ছোট ভাইও এখানে বড় হয়েছে। তার বাবা-মা এই বাড়িতেই সংসার করেছেন। দাদার হাতে তৈরি এই বাড়িই তাদের বসতভিটা। সেখানে গবাদিপশুর খামার, আত্মীয়-স্বজন এবং ওই অসহায় পরিবারটি ছিল। হামলায় ওই পরিবারের একটি শিশু আহত হয়েছে এবং তার অনেক গবাদিপশু মারা গেছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে নুসরাত তাবাসসুম বলেন, সাধারণ মানুষের জীবন যতটা অনিরাপদ, তাদের জীবনও ততটাই অনিরাপদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল হামলায় একজন সাধারণ চালক যেভাবে আহত হয়েছেন, একইভাবে মধ্যরাতে তার বাড়িতে পেট্রোল বোমা হামলায় একটি শিশু আহত হয়েছে।
তিনি বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের পদ ছেড়ে দেওয়া উচিত। সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অস্বীকার করা যাবে না।
নুসরাত তাবাসসুমের অভিযোগ, অতীতে বিরোধী দলের কোনো সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের ঘটনা ঘটেছে বলে তার জানা নেই। একজন সংসদ সদস্যের বাড়িতে মাঝরাতে পরপর চারটি পেট্রোল বোমা হামলার ঘটনা জুলাই ও জুলাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য একটি চিহ্ন হয়ে থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘটনার প্রায় ১২ ঘণ্টা পার হয়ে গেছে। দ্রুত আলামত সংগ্রহ করে তদন্তের মাধ্যমে কারা এর পেছনে রয়েছে, তা বের করতে হবে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে কোনো ধরনের আশ্বাস চান না বলেও জানান তিনি। তার দাবি, তাদের হাতে ইতোমধ্যে যথেষ্ট প্রমাণ ও আলামত রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের উদ্দেশে তিনি বলেন, এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশা করেন। এ ধরনের ঘটনায় রাষ্ট্র কতটুকু দায়িত্ব নিতে পারে, তা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে হবে।
এনসিপির পক্ষ থেকে শুধু তার নিজের নিরাপত্তা নয়, দেশের সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নুসরাত তাবাসসুম বলেন, এ ধরনের হামলা দিয়ে তাদের দমিয়ে রাখা যাবে না। দাবি-দাওয়া নিয়ে তারা রাজপথে আগেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।
হামলাটি পরিকল্পিত কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ঘটনাটি খুবই পরিকল্পিত হতে পারে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমনিতেই দুর্বল। গত মাসে তার বাড়িতে আসার পথে তিনটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। সব মিলিয়ে চারপাশেই অনিরাপত্তা বিরাজ করছে বলে মন্তব্য করেন তিনি।
স্প্যাম কল থেকে পাওয়া হুমকির বিষয়ে তিনি বলেন, এটি কোনো একক গোষ্ঠীর কাজ হতে পারে, আবার একাধিক গোষ্ঠীও একসঙ্গে কাজ করতে পারে। এ বিষয়ে কলাবাগান থানাকে জানাবেন বলেও জানান তিনি।
আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংসদ সদস্য বলেন, সংবাদ সম্মেলনের পর তারা থানায় গিয়ে মামলা করবেন। স্থানীয় থানার ওসি তাকে জানিয়েছেন, ফরেনসিক দল ঢাকা থেকে রওনা হয়েছে। তবে ঘটনার ১৩ ঘণ্টা পর আলামত কতটুকু অবশিষ্ট থাকবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে নুসরাত তাবাসসুম বলেন, ধ্বংসযজ্ঞ চালিয়ে, মানুষের বাড়িঘর পুড়িয়ে কেউ ফিরে আসতে পারে না। ১৪০০ মানুষের লাশ ও রক্তাক্ত রাজপথ পেরিয়ে ক্ষমতায় ফেরার চিন্তা করাও মারাত্মক বোকামি বলে মন্তব্য করেন তিনি।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
সঙ্গীত একাডেমি