৮ নভেম্বর ২০২৬

পাঁচ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়কপথের অবরোধ প্রত্যাহার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ এএম
পাঁচ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়কপথের অবরোধ প্রত্যাহার

বাংলাপ্রেস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে নতুন বরিশল ইউনিয়ন গঠন এবং একই নামে উপজেলা করার উদ্যোগের প্রতিবাদে রেল ও সড়কপথ অবরোধ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। পাঁচ ঘণ্টা পর প্রশাসনের সঙ্গে আলোচনা করে দাবি সমাধানের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করেন তারা।

রোববার সকাল ছয়টা থেকে সদর উপজেলার কোড্ডা এলাকায় এ কর্মসূচি শুরু করেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া সদর সড়কেও যান চলাচল বন্ধ থাকে।

অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা রেললাইনে স্লিপার ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এতে দুই পথে চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকেরা ভোগান্তিতে পড়েন।

অবরোধের খবর পেয়ে বেলা সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম এবং সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রোমা। তারা তিন দিনের মধ্যে প্রশাসনের সঙ্গে আলোচনা করে দাবির বিষয়টি সমাধানের আশ্বাস দেন। পরে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে সড়ক ও রেলপথ ছেড়ে যান।

বাসুদেব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেছার উদ্দিন শের শাহ বলেন, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া তার ভাই প্রধানমন্ত্রীর এপিএস সানির প্রভাব খাটিয়ে বাসুদেব ইউনিয়ন ভেঙে তাদের না জানিয়ে বরিশল ইউনিয়ন গঠন করেছেন বলে তারা মনে করেন। তারা বরিশল ইউনিয়নে যেতে চান না। এখন আবার বরিশল নামে উপজেলা গঠনের চেষ্টা চলছে। তারা আগের মতো ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অধীনেই থাকতে চান। দাবি আদায়ের জন্যই তারা রেলপথ অবরোধ করেছিলেন।

বাসুদেব ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন বলেন, বরিশল গ্রামটি তাদের এলাকা থেকে অনেক দূরে। সেখানে যেতে দীর্ঘ সময় লাগবে এবং অতিরিক্ত যানবাহন ভাড়া গুনতে হবে। এ কারণে তারা নতুন ইউনিয়নের সঙ্গে যুক্ত হতে চান না।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি