অভিশংসন থেকে অব্যাহতি পেলেন ট্রাম্প
বাংলাপ্রেস ডেস্ক: অনেক নাটকীয়তার পর অবশেষে অভিশংসন থেকে অব্যাহতি পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিশংসন থেকে ট্রাম্পকে অব্যাহতি দিয়েছে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেট। এর আগে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেস ট্রাম্পকে অভিশংসিত করেছিল।
স্থানীয় সময় বুধবার (৫ ফেব্রুয়ারি) ট্রাম্পের অভিশংসন নিয়ে ভোটাভুটি হয়। সেখানে ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগ থেকে ট্রাম্প মুক্তি পেয়েছেন ৫২-৪৮ ভোটে। কংগ্রেসকে অমান্য করার অভিযোগ খারিজ হয়েছে ৫৩-৪৭ ভোটে।
ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে সরাতে প্রস্তাবের পক্ষে অন্তত দুই-তৃতীয়াংশ ভোট প্রযোজন হতো। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে যে তা সম্ভব হবে না, তা অনুমিতই ছিল।
গত বছরের ১৮ ডিসেম্বর কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসিত হন মার্কিন প্রেডিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিম্নকক্ষ ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকায় প্রেসিডেন্টকে অভিশংসিত করতে বেগ পেতে না হলেও উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে থাকায় রক্ষা পেলেন ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তিনি তার পদ ব্যবহার করে ডেমোক্র্যাট রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন এবং অভিশংসনের তদন্ত কাজে সহায়তা করতে অস্বীকার করে ট্রাম্প কংগ্রেসের কাজে বাধা সৃষ্টি করেছেন।
তবে বরাবরই নিজের বিরুদ্ধে আসা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প। অপরদিকে আগামী নভেম্বরে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন তিনি।
ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প পুরোপুরি নির্দোষ প্রমাণিত হয়েছেন। ডেমোক্র্যাটরা জানে যে, তারা তার কিছুই করতে পারবে না। সে কারণেই তারা তাকে অভিশংসনের দিকে ঠেলে দিচ্ছিল। এই ঘটনাকে ডেমোক্র্যাটদের নির্বাচনী প্রচারণার একটি কৌশল বলে উল্লেখ করা হয়েছে।
বুধবার সিনেটের ভোটে আমেরিকার ৪৫তম এই প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে না সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
যদি এ ধরনের অভিযোগ প্রমাণিত হতো এবং ট্রাম্প দোষী সাব্যস্ত হতেন তবে তাকে প্রেসিডেন্টের ক্ষমতা ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ওপর ছেড়ে দিতে হতো।
ট্রাম্পের আগে কংগ্রেসের নিম্নকক্ষে আরও দুজন মার্কিন প্রেসিডেন্ট অভিশংসিত হয়েছিলেন। তারা হলেন অ্যান্ড্রু জনসন ও বিল ক্লিনটন। তবে ট্রাম্পের মতো তারাও শেষ পর্যন্ত সিনেটে অব্যাহতি পেয়েছিলেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি