৮ সেপ্টেম্বর ২০২৬

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম
অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

 

বাংলাপ্রেস ডেস্ক: প্রতারণা মামলায় জামিন পেয়ে অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১২ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামিনের সব প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর সেগুলো যাচাই-বাছাই শেষে বিদিশাকে মুক্তি দেওয়া হয়।


এর আগে গত ৬ সেপ্টেম্বর বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিদিশা সিদ্দিকের জামিন মঞ্জুর করেন। জামিনের আদেশের অনুলিপি কারাগারে পৌঁছানো এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তার মুক্তিতে আর কোনো বাধা ছিল না বলে জানিয়েছিলেন তার আইনজীবী।

বিদিশার বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ড হওয়ায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছিল। ওই পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, ২০০৮ সালের একটি প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত করে চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।


ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল ও জামিন আবেদন করার পর অবশেষে কারামুক্ত হলেন বিদিশা সিদ্দিক।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি