নিউ ইয়র্কে বাড়িওয়ালীকে হত্যার দায়ে এক ব্যক্তির সাড়ে ২২ বছর কারাদণ্ড
নিউ ইয়র্কে এক ব্যক্তির ২২ বছর ৬ মাস কারাদণ্ড
ইমা এলিস: নিউ ইয়র্কে ৫৫ বছর বয়সী বাড়িওয়ালী জোরাইদা লিওকে শ্বাসরোধ করে হত্যার দায়ে কুইন্সের বাসিন্দা ডেভি ভিডালকে ২২ বছর ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত ডেভি ভিডাল, তিনি ডেইবি ভিডাল নামেও পরিচিত, প্রায় দুই বছর ধরে ইস্ট এলমহার্স্টে ভুক্তভোগীর বহু ইউনিটের বাড়ির একটি অ্যাটিক ইউনিট ভাড়া নিয়ে থাকতেন। বকেয়া ভাড়া নিয়ে তর্কের জেরে এই প্রাণঘাতী ঘটনা ঘটে। কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ-এর দপ্তর সুত্রে এ খবর জানা গেছে।
ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কাটজ বলেন, ভাড়ার বিরোধের পর অভিযুক্ত নির্মমভাবে জোরাইদা লিওকে আক্রমণ করে এবং তাকে নিজের বাড়ির মেঝেতে মৃত্যুর জন্য ফেলে রেখে যায়। কোনো পরিবারই এমন নিষ্ঠুরভাবে প্রিয়জনকে হারানোর যন্ত্রণা সহ্য করার কথা নয়। এই ভয়াবহ ক্ষতি আমরা ফিরিয়ে দিতে পারি না, তবে এই সাজা ভুক্তভোগীর পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে সহায়তা করেছে।
২১ বছর বয়সী ভিডাল গত মাসে তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে প্রথম ডিগ্রির ম্যানস্লটার অপরাধে দোষ স্বীকার করেন। কুইন্স সুপ্রিম কোর্টের বিচারক উশির পণ্ডিত-দুরন্ত তাকে ২২ বছর ৬ মাস কারাদণ্ড দেন, যার পর থাকবে ৫ বছরের পোস্ট-রিলিজ তত্ত্বাবধান।
তদন্ত ও অভিযোগপত্র অনুযায়ী, ৪ ডিসেম্বর ২০২৩ তারিখে জোরাইদা লিও এক সাক্ষীকে জানান যে তিনি ভাড়ার বকেয়া নিয়ে ভিডালের সঙ্গে কথা বলতে চান। প্রায় দুই বছর ধরে তিনি তার ইস্ট এলমহার্স্টের বাড়ির অ্যাটিক অ্যাপার্টমেন্টে থাকছিলেন। সেদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে লিও তাকে নিচে তার বাসায় ডাকেন।
ভাড়ার বিষয় নিয়ে দু’জনের মধ্যে তর্ক শুরু হয় এবং তা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। তখন ভিডাল তার হাত এবং একটি ইস্ত্রির তার ব্যবহার করে লিওকে শ্বাসরোধ করে হত্যা করে।
পরদিন লিও কর্মস্থলে না গেলে এবং পরিবারের ফোনের জবাব না দিলে তার ছেলে বাড়িতে গিয়ে বাথরুমের প্রবেশপথে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে যে ভিডাল কাঁদছে এবং তার মুখে আঁচড়ের দাগ রয়েছে। পরে মেডিক্যাল এক্সামিনারের কার্যালয়ের ময়নাতদন্তে নিশ্চিত করা হয় যে লিওর মৃত্যু শ্বাসরোধের কারণে হয়েছে।
মামলাটি পরিচালনা করেন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির হোমিসাইড ব্যুরোর সহকারী জেলা অ্যাটর্নি কানেলা জর্জোপোলাস, সহায়তা করেন সহকারী জেলা অ্যাটর্নি অ্যালিসন মিলার। মামলাটি তত্ত্বাবধান করেন ব্যুরো প্রধান জন কোসিনস্কি এবং ডেপুটি প্রধান কারেন রস ও জোনাথন সেলকোওয়ে। পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেজর ক্রাইমস বিভাগের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি শন ক্লার্ক।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি