৮ নভেম্বর ২০২৬

নিউ ইয়র্কে বাংলাদেশি পরিচালিত মসজিদসহ মুসলিম সেন্টার বন্ধ করল দমকল বিভাগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম
নিউ ইয়র্কে বাংলাদেশি পরিচালিত মসজিদসহ মুসলিম সেন্টার বন্ধ করল দমকল বিভাগ

জ্যামাইকা মুসলিম সেন্টারের (জেএমসি), নিউ ইয়র্ক

নোমান সাবিত: চলমান সম্প্রসারণ প্রকল্পে স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ স্প্রিংকলার ব্যবস্থা না থাকায় অগ্নিনিরাপত্তাজনিত উদ্বেগের কারণে নিউ ইয়র্কে বাংলাদেশি পরিচালিত মসজিদসহ মুসলিম সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে নিউ ইয়র্ক সিটির দমকল বিভাগ। এর ফলে গত শুক্রবার ৬ নভেম্বর জ্যামাইকা মুসলিম সেন্টারের (জেএমসি) জুমার নামাজ বন্ধ হয়। 
নিউ ইয়র্ক সিটি দমকল বিভাগের (এফডিএনওয়াই) তদন্তে দেখা যায়, সেন্টারের চলমান সম্প্রসারণ প্রকল্পে স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ স্প্রিংকলার ব্যবস্থা নেই। এ তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
নিউ ইয়র্ক সিটি দমকল বিভাগের বিশেষ পরিদর্শন ইউনিটের অগ্নিনিরাপত্তা পরিদর্শক টমাস ফোর্ড জানান, কয়েকটি অভিযোগ পাওয়ার পর পরিদর্শকেরা প্রতিষ্ঠানটিতে যান। তিনি বলেন, স্প্রিংকলার ব্যবস্থা না থাকায় মুসল্লিদের নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকি রয়েছে। এই ব্যবস্থা স্থাপন না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখতে হবে।
ফোর্ডের ভাষ্য অনুযায়ী, স্প্রিংকলার স্থাপনের কাজ শেষ করে কর্তৃপক্ষকে জানানো হলে দমকল বিভাগ আবার পরিদর্শন করবে। প্রয়োজনীয় নিরাপত্তার শর্ত পূরণ হয়েছে কি না, তা যাচাই করার পর সেন্টারকে কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হবে।
ধর্মীয় প্রতিষ্ঠানটির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফোর্ড বলেন, জননিরাপত্তাকেই অগ্রাধিকার দিতে হবে। কোনো দুর্ঘটনা ঘটলে তার দায়ভার কে নেবে, সে বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। আজ একজন মুসল্লি নিরাপদে থাকলে আগামীকালও তিনি নামাজে অংশ নিতে পারবেন।
জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)'র ট্রাস্টি বোর্ড ও কার্যনির্বাহী কমিটির পক্ষে সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার জানান, স্প্রিংকলার স্থাপনের কাজ ইতোমধ্যে চলছিল। সেন্টার কর্তৃপক্ষ আশা করছিল, পরবর্তী এক সপ্তাহের মধ্যে কাজ শেষ হবে। কিন্তু তার আগেই শুক্রবার জুমার নামাজের আগে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
দেলোয়ার বলেন, ভবনের নির্মাণকাজ পুরোদমে চলছিল এবং পরিচালনা কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছিল। এ পর্যন্ত প্রতিষ্ঠানটিতে কোনো দুর্ঘটনা ঘটেনি বলেও তিনি উল্লেখ করেন।
মুসল্লিরা সেন্টারে জুমার নামাজ আদায় করতে না পারায় দুঃখ প্রকাশ করে দেলোয়ার বলেন, কর্তৃপক্ষ এক সপ্তাহের মধ্যে নামাজের কার্যক্রম পুনরায় চালুর আশা করছে। এর মধ্যে নিয়মিত মুসল্লিদের কাছাকাছি মসজিদগুলোতে নামাজ আদায়ের পরামর্শ দেন তিনি।
জ্যামাইকা মুসলিম সেন্টারের চলমান সম্প্রসারণ প্রকল্পের উদ্দেশ্য নামাজ ও ধর্মীয় শিক্ষার জন্য জায়গা বাড়ানো। পরিকল্পনায় রয়েছে হিফজ বিভাগ দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় স্থানান্তর, প্রায় ১৮০ জন মুসল্লির জন্য অতিরিক্ত নামাজের জায়গা তৈরি, ভবনের পুরোনো ও নতুন অংশের মধ্যে সংযোগ উন্নত করা এবং একটি লিফট স্থাপন।
সম্প্রসারণ প্রকল্পের অবশিষ্ট কাজের অর্থ সংগ্রহে সেন্টার কর্তৃপক্ষ ২৪ অক্টোবর একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে অনুদান ও অনুদানের প্রতিশ্রুতি মিলিয়ে প্রায় ১০ লাখ ডলার পাওয়া যায়।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি