আদালতে প্রকাশ
নিউ ইয়র্কে ভুয়া তথ্য ব্যবহার করে অভিবাসীদের আটক করেছে আইসিই
আইসিই ফেডারেল প্রসিকিউটরদের ভুল তথ্য দিয়েছিলেন
নোমান সাবিত: নিউ ইয়র্কে অভিবাসীদের আটক করার যৌক্তিকতা দেখাতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ভুয়া তথ্য দিয়েছে বলে আদালতে দাখিল করা নথিতে প্রকাশ পেয়েছে।
বুধবার দাখিল করা আদালতের নথিতে বলা হয়, আইসিই-এর এক আইনজীবী ফেডারেল প্রসিকিউটরদের ভুল তথ্য দিয়েছিলেন, যার ভিত্তিতে ম্যানহাটনের ২৬ ফেডারেল প্লাজা এবং অন্যান্য অভিবাসন আদালত থেকে আশ্রয়প্রার্থী ও বৈধ অভিবাসন প্রক্রিয়ায় থাকা হাজারো মানুষকে আটক করা হয়।
মার্কিন অ্যাটর্নি জে ক্লেটনের দপ্তরের এই তথ্য প্রকাশ পায় নিউ ইয়র্ক সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এনওয়াইসিএলইউ) ও বিভিন্ন অধিকার সংগঠনের দায়ের করা এক মামলায়। ওই মামলায় অভিযোগ করা হয়, আদালত থেকে বের হওয়ার সময় অভিবাসীদের লক্ষ্য করে গ্রেপ্তার করা হচ্ছে, যা তাদের আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করছে।
প্রসিকিউটররা জানান,আইসিই যে ২০২৫ সালের একটি মেমো বারবার দেখিয়ে এসব গ্রেপ্তারকে বৈধ বলছিল, সেই মেমোতে আসলে এমন কোনো অনুমোদনই নেই।
এই স্বীকারোক্তির ফলে স্পষ্ট হয়েছে যে নিউ ইয়র্ক বা যুক্তরাষ্ট্রের অন্য কোথাও অভিবাসন আদালতে গণহারে গ্রেপ্তারের জন্য আইসিই-এর কোনো আইনি ভিত্তি নেই—এমনটাই দাবি করেছেন (এনওয়াইসিএলইউ-এর আইনজীবীরা।
(এনওয়াইসিএলইউ-এর আইনজীবী অ্যামি বেলশার বলেন, 'এই তথ্যের প্রভাব সুদূরপ্রসারী। আদালতের ওপর নির্ভর করে পূর্বে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা পুনর্বিবেচনার প্রয়োজন হতে পারে।'

তথ্য অনুযায়ী, গত এক বছরে হাজারো অভিবাসীকে আদালত শুনানি শেষে বের হওয়ার সময় মুখোশধারী আইসিই এজেন্টরা আটক করেছে এবং অনেককে দূরবর্তী আটক কেন্দ্রে পাঠানো হয়েছে।
সহকারী মার্কিন অ্যাটর্নি তোমোকো ওনোজাওয়া আদালতকে জানান,আইসিই-এর এক আইনজীবীর ভুলের কারণে এই বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি বলেন, বিচার বিভাগ পূর্বে দাখিল করা নথি প্রত্যাহার করবে এবং বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হবে।
এদিকে, ডেমোক্র্যাট আইনপ্রণেতারা এ ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন। কংগ্রেসম্যান ড্যান গোল্ডম্যান বলেন, এটি বিস্ময়কর হলেও আইসিই-এর বারবার আদালতে মিথ্যা বলার প্রেক্ষাপটে দুঃখজনকভাবে অপ্রত্যাশিত নয়।”
অন্যদিকে, নিউ ইয়র্কের সাবেক সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার বলেন, এক বছর ধরে আইসিই শুধু জনগণকেই নয়, প্রসিকিউটর ও বিচারকদেরও বিভ্রান্ত করেছে। অবিলম্বে এসব আদালতভিত্তিক গ্রেপ্তার বন্ধ করতে হবে।
অভিবাসন অধিকার কর্মীরা বলছেন, এই ঘটনা প্রমাণ করে যে আদালতে হাজির হওয়া ব্যক্তিদের আটক করা আইনের শাসনের পরিপন্থী এবং এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি