গুলির শব্দ হতেই সবাই ছত্রভঙ্গ
নিউ ইয়র্কে দিনের আলোতে গুলিতে আহত নিরীহ নারী ক্রেতা
৩০ বছর বয়সী এক নিরীহ নারী পথচারী গুলিবিদ্ধ
ইমা এলিস: নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের ডাউনটাউনে সোমবার দিনের আলোতে একটি ব্যস্ত আউটডোর প্লাজায় কেনাকাটা করার সময় ৩০ বছর বয়সী এক নিরীহ নারী পথচারী গুলিবিদ্ধ হন বলে পুলিশ ও সূত্র জানিয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, দুপুর প্রায় ২টা ১৫ মিনিটে ফাল্টন স্ট্রিটের কাছে অ্যালবি স্কয়ার ওয়েস্টে প্রাইমার্ক পোশাকের দোকানের সামনে ওই নারী পায়ে একটি ছোড়া গুলিতে আহত হন।
লিডল সুপারমার্কেটের এক কর্মী নিউইয়র্ক পোস্টকে বলেন, আমরা হঠাৎ একটা বিস্ফোরণের মতো শব্দ শুনলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো বাচ্চারা আতশবাজি ফুটাচ্ছে। তারপর দেখি একজন নারী মাটিতে পড়ে আছেন।
তিনি আরও বলেন, গুলির শব্দ হতেই সবাই চারদিকে ছত্রভঙ্গ হয়ে যায়।
কর্মচারীর ভাষ্য অনুযায়ী, আহত নারীটির হাতে দুটি শপিং ব্যাগ ছিল। ওই কর্মী বলেন, তিনি মাটিতে পড়ে ছিলেন এবং বেশ বিভ্রান্ত দেখাচ্ছিল।
প্রত্যক্ষদর্শী জেসিকা জানান, আহত নারীটি ধীরে ধীরে নিজের বাম পায়ের প্যান্ট গুটিয়ে দেখেন। এ সময় দ্রুত ঘটনাস্থলে চিকিৎসাকর্মী ও পুলিশ পৌঁছে যায়।
জেসিকা বলেন, তাকে একটি চেয়ার এনে বসানো হয়,তিনি পা আরও একটু গুটিয়ে দিলে দেখা যায় সেখান থেকে রক্ত বের হচ্ছে।
জেসিকা আরও বলেন, মনে হচ্ছিল তিনি খুবই হতভম্ব হয়ে গিয়েছিলেন। তিনি চিৎকার বা চেঁচামেচি কিছুই করেননি। অনেকক্ষণ কেউ বুঝতেই পারেনি আসলে কী ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারীটি অন্যদের মতোই স্বাভাবিকভাবে কেনাকাটা করতে এসেছিলেন অথবা হয়তো কাছের টার্গেট স্টোর থেকে বের হচ্ছিলেন।
আরেকজন লিডল কর্মী বলেন, শহরটা এখন খুবই বিপজ্জনক হয়ে উঠেছে। তিনি তো একেবারেই নিরীহ পথচারী ছিলেন।
ঘটনার পর তোলা একটি ছবিতে দেখা যায়, আহত নারীটি স্ট্রেচারে বসে আছেন এবং জরুরি সেবাকর্মীরা তাকে ঘিরে রয়েছে।
তাকে দ্রুত ব্রুকলিন মেথডিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন এবং সচেতন আছেন।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীকে শেষবার দেখা গেছে কালো টুপি, কালো মুখোশ এবং নীল ট্র্যাকপ্যান্ট পরা অবস্থায়। তিনি ফাল্টন স্ট্রিটের পশ্চিম দিকে পালিয়ে যান। এ ঘটনার কারণ এখনও তদন্তাধীন রয়েছে।
এলাকার সিটি কাউন্সিলম্যান লিংকন রেস্টলার সামাজিক মাধ্যমে লিখেছেন,ডাউনটাউন ব্রুকলিনে আজকের এই ঘটনা ভয়াবহ। কয়েকজন তরুণের মধ্যে ঝগড়া থেকে গুলির ঘটনা ঘটে। অ্যালবি স্কয়ার ওয়েস্টে এক পথচারী নারী গুলিবিদ্ধ হয়েছেন, তবে সৌভাগ্যক্রমে তার জীবনহানির আশঙ্কা নেই।'
তিনি আরও জানান, এলাকায় নিয়মিত এনওয়াইপিডি পুলিশের উপস্থিতি বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হবে।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি