৬ মে ২০২৬

নির্বাচনকে নতুন মানদণ্ডে নিতে হবে: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ এএম
নির্বাচনকে নতুন মানদণ্ডে নিতে হবে: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

 

 

বাংলাপ্রেস ডেস্ক: বিগত সময়ের নির্বাচন নিয়ে সমালোচনা তুলে ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, অতীতের প্রহসন বা তামাশার নির্বাচন থেকে বেরিয়ে এসে নতুন একটি মানদণ্ড তৈরির সময় এসেছে। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত ৬৪ জেলার পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান উপদেষ্টা বলেন, অতীতের নির্বাচনকে কেউ বলেছে প্রহসনের, কেউ প্রতারণা আর তামাশার নির্বাচন। সেখান থেকে অনেক উপরে উঠে এবার একটি নতুন মানদণ্ড স্থাপন করতে হবে। সেই পরিবর্তন আনাই পুলিশের বড় দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

 

মুহাম্মদ ইউনূস বলেন, আসন্ন নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই নির্বাচন। এই নির্বাচনকে একটি ঐতিহাসিক দায়িত্ব হিসেবে নিয়ে সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাবে। একই দিনে নির্বাচন ও রাষ্ট্র সংস্কারে গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।

বিদেশ থেকে প্রতিনিধিদল ও পর্যবেক্ষকরা নির্বাচনে আসবেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তারা যেন এই নির্বাচনকে সারা বিশ্বের সামনে একটি চমৎকার উদাহরণ হিসেবে তুলে ধরতে পারেন, সেজন্য পুলিশ সুপারদের দায়িত্বশীলভাবে কাজ করে যেতে হবে।

পুলিশ কর্মকর্তাদের সৃজনশীলতা, উদ্যোগ এবং দায়িত্ব পালনে সতর্কতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সব নির্দেশনা কাগজে লেখা যায় না; দায়িত্ব পালনের সময় কীভাবে আরও ভালো করা যায়, তা কর্মকর্তাদের চিন্তা করতে হবে। কাজের মান উন্নত করতে জেলা বা বিভাগীয় পর্যায়ে পুলিশ সদস্যদের মধ্যে প্রতিযোগিতা ও পুরস্কার প্রদানের ব্যবস্থার প্রস্তাবও দেন তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বকস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং আইজিপি বাহারুল আলম।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি