নেইমারকে নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল !
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস,ডেস্ক: বিশ্বকাপে মরুর বুকে ফুল ফুটিয়েছেন রিচার্লিসন। এমন গোল এবং জাদুকরী মুহূর্ত ঘিরে রাজ্যের উন্মাদনা ব্রাজিল শিবিরে। বাইসাইকেল কিকে সার্বিয়ার বিপক্ষে ম্যাচের ৭৩ মিনিটে গোলটি করেন রিচার্লিসন। গোলে অবদান রাখতে পারেননি, তবে দলটির এমন জয়ে বড় ভূমিকাই রেখেছেন নেইমার।
পরিসংখ্যানে চোখ বোলালে দেখা যায়, সার্বিয়া ম্যাচে ফাউলের শিকার হয়েছেন ব্রাজিলের মহাতারকা নেইমার। শেষমেশ মাঠ ছেড়েছেন ডান পায়ের গোড়ালিতে চোট নিয়ে। ভিডিওতে দেখা গেছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ছেন তিনি। ২-০ গোলের দারুণ জয়ের দিনেও যা বড় দুশ্চিন্তাই উপহার দিয়েছে কোচ তিতেকে। নেইমারের চোটে বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল।
লুসাইল স্টেডিয়ামে এই ম্যাচটা নেইমার খেলেছেন শুরু থেকেই। পুরো ম্যাচে যে ছড়ি ঘুরিয়েছে সেলেসাওরা, তাতে সিংহভাগ কৃতিত্ব ছিল তারই। তবে এর বিড়ম্বনাও আছে বৈকি! ব্রাজিল তারকাকে এই ম্যাচে ফাউলই করা হয়েছে ৯ বার। বিশ্বকাপে এক ম্যাচে এর চেয়ে ফাউলের শিকার হননি আর কেউই।
ম্যাচের ৮০ মিনিটে অ্যান্টনিকে মাঠে এনে তাকে তুলে নেন কোচ তিতে। তিনি যখন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তখন পুরো ব্রাজিল দল তার চারপাশে ঘিরে ধরেছিল। সবার চোখে-মুখে চিন্তার ভাঁজই বলে দিচ্ছিল, চোটটা বড় দুশ্চিন্তাতেই ফেলে দিয়েছে সবাইকে।
ম্যাচ শেষে কোচ তিতে এলেন সংবাদ সম্মেলনে। সেখানে দাপুটে জয়ের তৃপ্তির চেয়ে দুশ্চিন্তাই ভেসে উঠছিল তার চোখে মুখে। নেইমারের চোট কতটা গভীর, বিশ্বকাপে তার খেলায় কোনো সমস্যা হবে কি না, সেটা যে এখনো অজানা তারও! এরপর অবশ্য ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমার জানিয়েছেন, নেইমারের পা মচকেছে। তবে এই চোট কত গভীর, সেটা জানতে অপেক্ষা করতে হবে অন্তত ২৪ থেকে ৪৮ ঘণ্টা। নেইমারের পায়ের গোড়ালি ফুলে গেছে। তাতে চোটটা গভীর বলেই ধারণা করা হচ্ছে।
আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় ব্রাজিল মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। সেই ম্যাচে নেইমারকে পাওয়া যাবে কি না, সে প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে অন্তত এক দিন।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি