নচিকেতার সুরে আবারো মৌলিক গানে কণ্ঠ দিলেন শাওন
আবু ইউসুফ রাসেল, ঢাকা : কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ’র স্ত্রী মেহের আফরোজ শাওন একাধারে নির্মাতা-অভিনেত্রী ও কণ্ঠশিল্পী। বহুগুণের এই মানুষটি যে গান টিতে কণ্ঠ দিলেন যার শিরোনাম ‘ইলশে গুঁড়ি’। গানটিতে মডেলও হয়েছেন তিনি। হুমায়ূন আহমেদ’র প্রয়াণের পর এই প্রথম কোনো মৌলিক গানে কণ্ঠ দিলেন শাওন।
জুলফিকার রাসেলের কথায় প্রখ্যাত সঙ্গীতশিল্পী নচিকেতার সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন টুনাই দেবাশীষ গাঙ্গুলী। কিন্নর দলের পরিবেশনায় ও ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে আগামী ২২ এপ্রিল ইউটিউবে প্রকাশ হবে এ গানের ভিডিও।
মিউজিক ভিডিওর পরিচালক মীর শরিফুল করিম শ্রাবণ জানান, ‘গান-ভিডিওটির মধ্য দিয়ে শাওন পর্দার সামনে এসেছেন বহুদিন পরে।’
নিজের গান এবং গানের ভিডিওতে অভিনয় প্রসঙ্গে শাওন জানালেন, ‘এটা একটা ঘোর লাগা গান। একটা মায়া ভরা গান । এতে প্রকৃতিতে ফিরে যাবার ব্যাকুলতা আছে। নিজের মনের খাঁচা খুলে মুক্ত হবার ইচ্ছা আছে। হাসতে মানা নাই, কাঁদতেও দ্বিধা নাই। আশা নিয়ে, মাথা তুলে বাঁচার আশা আছে। মিউজিক ভিডিওটা এই আবেগগুলো ধারণ করেই তৈরি হয়েছে।’
ধ্রুব মিউজিক স্টেশন ডিএমএস জানায়, তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি ‘ইলশে গুঁড়ি’ গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি