মুজিববর্ষের সঙ্গে মোদীর বাংলাদেশে আসার কোনও সম্পর্ক নেই: ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: মুজিববর্ষ উদযাপনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসার কোনও সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৪ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
‘মুজিববর্ষে মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করা মানে মুজিববর্ষের বিরোধিতা করা’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব বলেন, ‘মুজিববর্ষের সঙ্গে নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসার কোনও সম্পর্ক নেই। আমরা যেটা বলছি, এখন ভারতে এনআরসি নিয়ে সমস্যা চলছে, সাম্প্রদায়িক বিভক্তি দাঙ্গা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো ক্ষুদ্ধ হয়েছে। সেটা নিয়ে আমরা কথা বলেছি। ভারতে চলমান এই পরিস্থিতিতে তার (মোদী) ঢাকা সফর কতটা শোভনীয় সেটা নিয়ে আমরা প্রশ্ন রেখেছি।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দুদকের মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো, বিচারককে স্ট্র্যান্ড রিলিজ, ৪ ঘণ্টা পর ফের জামিন দেয়ার ঘটনা প্রমাণ করে দেশে এখন আইনের কোনও শাসন নেই।’
তিনি বলেন, ‘আমরা যে কথাটি সবসময় বলছি যে, সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে, আউয়াল-লায়লা পারভীনের এই ঘটনাটি তা আবারও প্রমাণ করলো। এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রীকে জামিন না দেয়ার ফলে যে অবস্থার সৃষ্টি হয়েছে এবং আদালতকে বাধ্য করা হয়েছে তাকে জামিন দিতে। এ ঘটনায় বিচার বিভাগ যে স্বাধীন নয় সেটা আরেকবার উলঙ্গভাবে প্রমাণ হলো।’
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি