
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর মিরপুরে দিনের বেলায় প্রকাশ্যে গুলি ছুড়ে মাহমুদুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গুলিবিদ্ধ মাহমুদুলের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে। তিনি মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে পরিবার নিয়ে বসবাস করেন।
মাহমুদুল সংবাদকর্মীদের জানান, সকালে বাসা থেকে মিরপুর-১০ নম্বর গোল চক্করে মানি এক্সচেঞ্জ অফিসে যাচ্ছিলেন। তিনি বলেন, স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলযোগে ছয়জন দুর্বৃত্ত আমার পথ রোধ করে। তারা সঙ্গে থাকা টাকা দাবি করে। টাকা না দেয়ায় কোমরের বাম পাশে গুলি করে। পরে আমার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে একটি হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, দুর্বৃত্তদের গুলিতে এক ব্যবসায়ী আহত হওয়ার কথা শুনেছি। সংবাদ পেয়ে তাৎক্ষণিক মিরপুর বিভাগের সহকারী উপ-পুলিশ কমিশনারসহ ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। সিসিটিভি ফুটেজ দেখে সন্ত্রাসীদের শনাক্ত করার চেষ্টা চলছে। স্বজনরা জানিয়েছেন, আহত ব্যবসায়ীর কাছ থেকে তারা ২২ লাখ টাকা নিয়ে গেছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]