লক্ষ্মীপুরের চার আসনই পেতে চায় বিএনপি, জামায়াতের নতুন মুখ মাঠে
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর বিএনপি–সমর্থিত এলাকা হিসেবে অধিক পরিচিত। দলটি ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে জেলার চারটি আসনেই জিতেছিল। ২০১৪ সালে বিএনপিসহ বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করে। একতরফা ওই নির্বাচনে সব আসন আওয়ামী লীগের দখলে চলে যায়। এবার সেটা ফিরে পেতে তৎপর বিএনপি।
চারটি আসনের মধ্যে দুটিতে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। একটিতে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, অন্যটিতে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। বাকি দুই আসন জোটসঙ্গীদের জন্য রাখা হয়েছে বলে আলোচনা রয়েছে। এই ব্যাপারে শিগগির সিদ্ধান্ত আসতে পারে বলে বিএনপির কেন্দ্রীয় সূত্র থেকে জানা গেছে।
অন্যদিকে জামায়াতে ইসলামী আগেই সব আসনে প্রার্থী ঘোষণা করেছে। এ জেলা থেকে সংসদ নির্বাচনে আগে কখনো জামায়াত জেতেনি। জামায়াতের প্রার্থীরা সবাই নতুন মুখ। তাঁরা কয়েক মাস ধরেই এলাকায় প্রচার চালাচ্ছেন।
তবে এ জেলা থেকে জামায়াতের কেউ কখনো সংসদ সদস্য হননি। ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতা মাস্টার শফিক উল্লাহ ইসলামিক ডেমোক্রেটিক লীগের প্রার্থী হিসেবে তৎকালীন নোয়াখালী-১২ আসন (বর্তমান লক্ষ্মীপুর-৩) থেকে নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি ১৯৯১ সালের নির্বাচনে লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে নির্বাচন করলেও জিততে পারেননি।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ)
এ আসনে বিএনপি এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। ২০১৮ সালে এ আসনে মনোনয়ন পেয়েছিলেন বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। তিনি এবারও এ আসন থেকে মনোনয়ন চান। তিনি আরও আগে থেকেই নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।
শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আমি দীর্ঘদিন বিএনপি ও জোটের নেতা-কর্মীদের সঙ্গে মাঠে আছি। রামগঞ্জের মানুষ আমাকে চেনে, জানে, আমি তাদের জন্য কাজ করেছি। তাই এবারও আশা করছি, বিএনপি জোট আমাকে মনোনয়ন দেবে।’
তবে এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে রয়েছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, রামগঞ্জ উপজেলার বর্তমান সভাপতি মোজাম্মেল হোসেন, সাবেক সভাপতি শাহাব উদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হকের ছেলে মাশফিকুল হক ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মো. ইমাম হোসেন।
তবে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম গত রাতে লক্ষ্মীপুর–১ আসনে শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে নিশ্চিত করেছেন।’
এ আসন থেকে জামায়াতের মনোনয়ন পেয়েছেন দলের রামগঞ্জ উপজেলা আমির নাজমুল হাসান পাটওয়ারী। তিনি সাংবাদিকদের বলেন, ‘রামগঞ্জের মানুষ পরিবর্তন চায়, শান্তি ও সুশাসন চায়। আমি তৃণমূলের কর্মীদের সঙ্গে নিয়ে সেই লক্ষ্যে কাজ করছি।’
আবার এ আসনে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম প্রার্থী হতে পারেন, এমন আলোচনা অনেক দিন ধরে রয়েছে। তাঁর ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমও এলাকায় সক্রিয় রয়েছেন।
মাহবুব আলম বলেন, তাঁর ভাই মাহফুজ আলম যদি সরকার থেকে পদত্যাগ করেন, তাহলে তাঁর নির্বাচন করার সম্ভাবনা রয়েছে। তা না হলে মাহবুব আলম নিজে এনসিপি থেকে নির্বাচন করতে চান। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের আংশিক)
লক্ষ্মীপুর-২ আসনে দলীয় কোন্দল এড়াতে ১৯৯৬ ও ২০০১ সালে নির্বাচন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এবার এখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন আবুল খায়ের ভূঁইয়া। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘এই আসন বিএনপির ঘাঁটি। তৃণমূলের ঐক্য ও জনগণের সমর্থন থাকলে আমরা অবশ্যই জয়ী হব।’
এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী দলটির জেলা আমির এম রুহুল আমিন ভূঁইয়া। নির্বাচন সামনে রেখে তিনি ও দলের নেতা-কর্মীরা সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ড বাড়িয়েছেন।
রুহুল আমিন ভূঁইয়া এ আসনে এবার বিএনপির জন্য বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী।
লক্ষ্মীপুর-৩ (সদরের একাংশ)
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এই আসনে দলীয় প্রার্থী। চারটি আসনের মধ্যে এটিতেই বিএনপির সাংগঠনিক অবস্থান সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয়। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এর আগেও দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘লক্ষ্মীপুর আমার জন্মভূমি, আমার রাজনীতির মাটি। জনগণের ভোটেই আমি দুবার সংসদ সদস্য হয়েছি, এবারও বিশ্বাস করি, মানুষ আবার বিএনপিকে বিজয়ী করবে।’
এখানে জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।
রেজাউল করিম বলেন, ‘লক্ষ্মীপুরের জনগণ পরিবর্তন চায়। একটি সৎ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ চায়। সেই লক্ষ্য নিয়েই আমরা মাঠে নেমেছি।’
এ আসনে গণ অধিকার পরিষদের লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি নুর মোহাম্মদ সক্রিয় রয়েছেন।
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর)
বিএনপি এ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি। আসনটি বিএনপির জোটসঙ্গী জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জেএসডি) ছাড়া হতে পারে, এমন গুঞ্জন রয়েছে।
দলটির প্রধান আ স ম আবদুর রব এই আসন থেকে সর্বশেষ ১৯৯৬ সালে সংসদ সদস্য হন। এরপর ২০০১ ও ২০০৮ সালে নির্বাচিত হন বিএনপির সহশিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজান। তিনি এবারও বিএনপির মনোনয়নপ্রত্যাশী।
অপর দিকে আ স ম রবের স্ত্রী তানিয়া রব এবার জেএসডি থেকে বিএনপি জোটের প্রার্থী হতে চান। তিনি বলেন, ‘আ স ম আবদুর রব অসুস্থ, কিন্তু তাঁর আদর্শ ও লড়াই এখানকার মানুষ বুকে ধারণ করে রেখেছেন। আমি সেই আদর্শের উত্তরাধিকার হিসেবে জনগণের পাশে থাকতে চাই।’
তবে জোটের জন্য আসন ছাড়তে নারাজ বিএনপির নেতা এ বি এম আশরাফ উদ্দিন নিজান। তিনি বলেন, ‘আমি দুবার এই এলাকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। ভালোমন্দ সময়ে মানুষের পাশে ছিলাম, উন্নয়ন করেছি আন্তরিকভাবে। এখন যদি জোটগত কারণে অন্য কাউকে প্রাধান্য দেওয়া হয়, আমি জনগণের সেবা থেকে সরে দাঁড়াব না।’
আসনটিতে জামায়াতের প্রার্থী এ আর হাফিজ উল্যা। তিনি দলের জেলা সেক্রেটারি। তিনি বলেন, ‘রামগতি ও কমলনগরের মানুষ অনেক অবহেলিত। জনগণের দোয়া ও সমর্থন নিয়ে এই অবহেলার রাজনীতি থেকে মুক্তি দিতে চাই।’
এ ছাড়া এই আসনে ইসলামী আন্দোলনের উপদেষ্টা খালেদ সাইফুল্লাহ, গণ অধিকার পরিষদের ছাত্রবিষয়ক সম্পাদক রেদোয়ান উল্যা খান, এবি পার্টির মিয়া আরিফ সুলতানও সক্রিয় রয়েছেন।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি