করোনা মোকাবিলায় রেমডেসিভির উৎপাদনের অনুমতি পেল ভারত
বাংলাপ্রেস ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসের চিকিৎসায় ব্যবহৃত রেমডেসিভির উৎপাদনে মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা গিলিয়েড সায়েন্সেসের সঙ্গে চুক্তি হয়েছে ভারতীয় জুবিল্যান্ট লাইফ সায়েন্সেস লিমিটেডের। এর মধ্য দিয়ে ভারতসহ ১২৭টি দেশে করোনা চিকিৎসায় রেমডেসিভির সরবরাহ করার লাইসেন্স পেল সংস্থাটি।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার (১২ মে) জুবিল্যান্ট লাইফ সায়েন্সেস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, এই লাইসেন্সটি ‘নন-এক্সক্লুসিভ’। ফলে আমেরিকা থেকে রেমডেসিভির আনিয়ে বিশ্বের অন্যত্র সরবরাহের পাশাপাশি করোনা রোগীদের দ্রুত সারিয়ে তুলতে স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে ওষুধটি বানাতে বা তার উৎপাদন বাড়াতেও পারবে ভারতীয় সংস্থাটি। জুবিল্যান্টের এই অধিকার থাকবে কয়েকটি উচ্চ আয়ের দেশেও।
আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করোনার জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য এ মাসের প্রথম দিকে এটি ব্যবহারের অনুমোদন দেয়।
এ দিকে, ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়, রেমডেসিভির উৎপাদনের জন্য ভারতের তিনটি ফার্মের সঙ্গে চুক্তি করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গিলিয়েড সায়েন্সেস।
মঙ্গলবার গিলিয়েড জানিয়েছে, স্বেচাসেবী ‘নন-এক্সক্লুসিভ’ লাইসেন্স দেয়া হয়েছে ভারতীয় সংস্থাগুলোকে। শুধুমাত্র এটি করোনার চিকিৎসায় ব্যবহার করার প্রতিশ্রুতিতে এমন লাইসেন্স অনুমোদন করা হয়েছে। ভারতীয় সংস্থাগুলো হল- সিপলা, হেটেরো ল্যাবস ও জুবিল্যান্ট লাইফ সায়েন্সেস।
এছাড়াও মার্কিন সংস্থাটি পাকিস্তান ভিত্তিক ফেরোজসন্স ল্যাবরেটরিজ এবং পেনসিলভেনিয়া ভিত্তিক মেলানকে ওষুধ প্রস্তুত করার অনুমতি দিয়েছে। সব মিলিয়ে পাঁচটি সংস্থা ১২৭টি দেশে সরবরাহের জন্য ওষুধ তৈরি করবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি